সাকা চৌধুরীর ছেলে হুম্মাম গ্রেপ্তার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানার পুলিশ। গতকাল শনিবার তাঁকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, হুম্মাম কাদের চৌধুরী গুলশান থানার ২০০৮ সালের একটি মামলার আসামি। এ মামলায় তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্র জানায়, হুম্মামকে আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মেহের নিগার। হুম্মামের পক্ষে তাঁর আইনজীবী খন্দকার ফকিরুজ্জামান ফিরোজ জামিন আবেদন করেছেন। আজ রোববার আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এ-সংক্রান্ত মামলার নথি থেকে জানা গেছে, ২০০৮ সালে গুলশানের একটি বাসায় হুম্মামের সঙ্গে শামসুল হুদা নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি ও মারামারি হয়। এই ঘটনায় শামসুল হুদা গুলশান থানায় হুম্মাম কাদেরের বিরুদ্ধে মামলা করেন।
আদালত-পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ মিয়া প্রথম আলোকে বলেন, এই মামলায় ঢাকার ৪ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত গত ৩ আগস্ট হুম্মাম কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আইনজীবী খন্দকার ফকিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ২৩ জুলাই গুলশানের একটি বাসায় হুম্মামের সঙ্গে তাঁর বন্ধু শামসুল হুদার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে মামলা হয়। হুম্মাম জানতেন যে মামলাটি শেষ হয়ে গেছে। তিনি বলেন, জামিন আবেদনে বলা হয়েছে, অভিযোগকারী ভুল-বোঝাবুঝির কারণে মামলাটি করেছেন। অভিযোগকারী নিজেই মামলাটি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।