সাকা চৌধুরীর ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গতকাল বুধবার আপিলের রায়ে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার পর রাজধানীর শাহবাগে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানানোর সময় ইমরান এইচ সরকার এ দাবি জানান। তিনি বলেন, এ রায়ের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের জয় হয়েছে। ১৬ কোটি মানুষের বিজয় নিশ্চিত হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ সব যুদ্ধাপরাধীর রায় দ্রুত কার্যকরের দাবিতে প্রতি শুক্রবার বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান।
পূর্বঘোষণা অনুযায়ী গণজাগরণ মঞ্চের কর্মীরা গতকাল সকাল আটটা থেকেই শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হতে থাকেন। আপিল বিভাগের রায় শোনার পর উল্লাসে ফেটে পড়েন তাঁরা। আনন্দ মিছিল বের করতে চাইলে পুলিশ যানজট সৃষ্টি হবে জানিয়ে মিছিল করতে তাঁদের মানা করে। এরপর ইমরান সাংবাদিকদের সঙ্গে কথা বলে কর্মসূচি শেষ করেন।
সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় গুলিস্তান ও পুরানা পল্টন এলাকায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ঢাকা বিভাগ শ্রমিক লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শ্রমিক সমাবেশ করে। বাংলাদেশ ছাত্রলীগ প্রথমে আনন্দ মিছিল করার কথা জানালেও পরে করেনি। এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, মিছিল করায় নিষেধাজ্ঞার কথা শুনে কর্মসূচি বাতিল করা হয়।
গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১, চেতনায় মুক্তিযুদ্ধ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আপিল বিভাগ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।