সাকা চৌধুরীর স্ত্রী-ছেলেসহ সাতজনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাইব্যুনালের রায়ের খসড়া ফাঁসের ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী, ছেলেসহ সাতজনের বিরুদ্ধে গতকাল সোমবার অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এই মামলার অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত আসামিপক্ষের করা মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে দেন। আদালতে হাজির থাকা ছয়জন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। পরে আদালত অভিযোগ গঠন করে আগামী ২৮ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাঁরা হলেন সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন, পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী, সাকা চৌধুরীর ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান ও আইনজীবী ফখরুলের সহকারী মেহেদী হাসান। এঁদের মধ্যে মেহেদী হাসান পলাতক রয়েছেন। সাকা চৌধুরীর স্ত্রী, ছেলে ও আইনজীবী ফখরুল ইসলাম জামিনে আছেন। বাকি তিনজন কারাগারে আটক আছেন। কারাগারে আটক তিনজনকে গতকাল আদালতে হাজির করা হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন সকালে সাকা চৌধুরীর স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা এই রায় ফাঁসের অভিযোগ তোলেন। তাঁরা রায়ের ‘খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখান। এ ঘটনায় পরদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ এ ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ আগস্ট সাকা চৌধুরীর স্ত্রী, ছেলে ও আইনজীবী ফখরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত নিষ্পত্তি শেষে গত বছরের ২১ নভেম্বর দিবাগত রাত ১২টার পর সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।