সাকা চৌধুরী ও কাসেম আলীর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য-প্রমাণ পেয়েছে তদন্ত দল। চট্টগ্রাম সফর শেষে গতকাল রোববার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে আইনজীবী প্যানেলের সদস্যরা এসব তথ্য জানান। পুরাতন হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনাল কার্যালয়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ বলেন, ‘চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরী ও কাসেম আলীকে ঘিরে তদন্ত করা হয়েছে। তাঁদের বিচারের আওতায় নিয়ে আসা যাবে। আমরা ভয়ভীতির তোয়াক্কা না করে তদন্তকাজ সফল করেছি। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন কাজ করে যাচ্ছে। তবে কবে নাগাদ গ্রেপ্তারের বিষয়ে আবেদন করা হবে—এমন প্রশ্নের জবাবে গোলাম আরিফ বলেন, ‘যথাসময়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’ এর আগে আইনজীবী প্যানেলের আরেক সদস্য জেয়াদ আল মালুম বলেন, ‘রাউজানের কুণ্ডেশ্বরী এলাকার ওষুধালয় পরিদর্শন করা হয়। ভুক্তভোগীদের পরিবার ও সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি, ১৯৭১ সালের ১৩ এপ্রিল জগতমূল্যপাড়ার ৩৭ জন নারী-পুরুষকে নির্যাতন করে হত্যা করা হয়। ৬৯ পাড়ার পুকুরপাড়ে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় ৬৯ জন হিন্দু ধর্মাবলম্বীকে। জেয়াদ আল মালুম বলেন, পুরাতন টিঅ্যান্ডটি এলাকার নন্দনপাড়ার হোটেল ডালিমে তাঁরা যান ২৫ সেপ্টেম্বর। সেখানে তৎকালীন জামায়াতের ছাত্রসংঘের নেতা মীর কাসেম আলীর নেতৃত্বে বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠকদের নির্যাতন করে হত্যা করা হতো। পাহাড়তলীতে ট্রেন থেকে লোক ধরে এনে নির্যাতন করা হতো। নারীদের ক্যাম্পে রেখে চালানো হতো নির্যাতন। এমনকি এক পাড়ে বিহারি সম্প্রদায় ও অন্য পাড়ে রাজাকার-আলবদরদের নেতৃত্বে প্র্রতিনিয়ত মানুষ জবাই করা হতো।