সাকা চৌধুরী কাশিমপুর কারাগারে
মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাকা চৌধুরীকে বহনকারী গাড়িটি চট্টগ্রাম ছেড়ে যায়।
এ সময় তাঁর গায়ে কয়েদির পোশাক ছিল। তবে গত মঙ্গলবার রাতে তাঁকে কাশিমপুর থেকে চট্টগ্রামে আনা হয় সাধারণ পোশাকে। কারাবিধি অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিকে কয়েদির পোশাক পরে থাকতে হয়। শুধু অন্য মামলায় হাজতি হিসেবে সাধারণ পোশাক পরে আদালতে হাজিরা দিতে পারেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে বুধবার সীতাকুণ্ড থানার একটি মামলায় আদালতে হাজির করতে কাশিমপুর থেকে চট্টগ্রামে আনা হয়েছিল মঙ্গলবার রাতে। বৃহস্পতিবার সকালে কয়েদির পোশাকে তাঁকে বহনকারী গাড়িটি চট্টগ্রাম থেকে কাশিমপুরের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাড়িটি কাশিমপুর কারাগারে পৌঁছায়।