বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের’ শিকার বলে দাবি করেন বিএনপির স্থানীয় নেতারা।
গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি করেন। চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা বিএনপির ব্যানারে গতকাল এ সমাবেশ হয়। মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উত্তর জেলা বিএনপির সহসভাপতি এমডি কামাল উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বক্তৃতা করেন। এতে নগর যুবদলের সভাপতি কাজী বেলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ এবং নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজউল্লাহ বক্তৃতা করেন।
উত্তর জেলা বিএনপির সহসভাপতি এমডি কামালউদ্দিন বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাজনৈতিকভাবে হেয় করতেই যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি উপমহাদেশের বিখ্যাত পার্লামেন্টারিয়ান। তাঁর মতো নেতা পাওয়া কঠিন।’
চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘রায় ঘোষণার আগে তা ইন্টারনেটের মাধ্যমে ফাঁস হয়ে গেছে। আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনার ভিত্তিতে এ রায় তৈরি হয়েছে। এটা সাজানো রায়, যা নিয়ে প্রশ্ন উঠেছে।’ সমাবেশে অন্য বক্তারা বলেন, চট্টগ্রামের মানুষ মামলা-হামলা-নির্যাতনকে ভয় পায় না। যত বেশি নির্যাতন হবে, আন্দোলন তত বেগবান হবে।
গতকাল সকাল ১০টার পর নগরের বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শামিল হয় দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে। একপর্যায়ে পাশের সড়কে লোকসমাগম বাড়তে থাকে। এতে কাজীর দেউড়ি, জুবিলি রোড, লাভলেইন, আসকারদীঘির পাড়সহ চারদিকে ব্যাপক যানজট দেখা দেয়। বেলা দেড়টার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।