সাকা চৌধুরীকে আজ আদালতে হাজির করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আজ বুধবার চট্টগ্রামের আদালতে হাজির করার দিন ধার্য আছে। ফটিকছড়ি থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাকাকে আদালতে হাজির করতে গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ আবুল হাশেম বলেন, সাকার কৌঁসুলিরা জজ আদালতে তাঁর জামিনের আবেদন করেছেন। বুধবার এ নিয়ে শুনানির দিন ধার্য আছে। এ অবস্থায় নিম্ন আদালত থেকে মামলার নথিপত্র জজকোর্টে পাঠানো হয়েছে। তাই তাঁকে নিম্ন আদালতে হাজির করার কোনো প্রয়োজন নেই। কারণ, জামিনের শুনানি জজকোর্টে হবে।এদিকে সাকা চৌধুরীকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তরের খবর ছড়িয়ে পড়লে তাঁর অনুসারীরা গতকাল বিকেলে চেরাগী পাহাড় মোড় ও লালদীঘি মাঠ এলাকায় ঝটিকা মিছিল করেন। পরে পুলিশ ধাওয়া দিলে তাঁরা চলে যান। বিকেলে বিপুলসংখ্যক পুলিশ সাকার পৈতৃক বাড়ি গুডস হিল এলাকায় অবস্থান নেয়। আদালত সূত্র জানায়, ১৫ আগস্ট সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ফটিকছড়ি থানার পরিদর্শক আলতাফ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রামের আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। ২০০৯ সালের ২০ নভেম্বর বিকেলে ফটিকছড়ির বিবিরহাট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্থানীয় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাকা বলেন, ‘১৫ আগস্ট জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। ১৫ আগস্ট না হলে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেত না। একদলীয় শাসন-ব্যবস্থার অবসান হতো না।’ ওই সম্মেলনে সাকা চৌধুরী আওয়ামী লীগকে সতর্ক করে আরও বলেন, ‘প্রয়োজনে ১৫ আগস্ট থেকে শিক্ষা নিতে হবে। মুজিব হত্যার রায় জাতি মেনে নেয়নি।’ এ ঘটনার পর চট্টগ্রাম নগরের বাদুড়তলা শুলকবহরের বাসিন্দা মো. আবু তাহেরউদ্দীন (৩২) দণ্ডবিধির ১২৪(ক)/৫০৫ ধারায় আদালতে মামলা করেন। রাষ্ট্রদ্রোহ মামলা সরকারের অনুমোদন ছাড়া হয় না। তাই ঘটনার ১৩ মাস পর গত ২১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজউদ্দিন সাকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।