চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার একজন গতকাল সোমবার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে জড়িয়ে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। এদিকে ওই ঘটনায় গত রোববার রাতে পুলিশ আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গতকাল চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহাবউদ্দিন মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুরের সময় গত রোববার ভোরে বাঁশবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য তিনজন—মোহাম্মদ হোসেন, জহিরুল ইসলাম ও কাজী ফরিদউদ্দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হোসেনের তিন দিন ও বাকি দুজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম জেলা মুখ্য বিচারিক হাকিম কে এম শামছুল আলম।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় গত শনিবার রাতে ও রোববার ভোরে কিছু যুবক গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ প্রথমে তিন যুবককে গ্রেপ্তার করে। পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আরও ১৪ জনকে।জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজনকে পুলিশ খুঁজছে।জবানবন্দি: গতকাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে জবানবন্দি দেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহাবউদ্দিন। জবানবন্দিতে তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ও চন্দনাইশ উপজেলা বিএনপির নেতা এম এ হাশেম ওরফে রাজুর নির্দেশে সীতাকুণ্ড এলাকায় আমরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে অংশ নিই। এ কাজে অংশ নিতে হাশেম গত ৬ নভেম্বর সন্ধ্যায় আমাদের চকবাজার গুলজার মোড়ে যেতে বলেন।’সাহাবউদ্দিন বলেন, ‘গুলজার মোড়ে হাশেমের সঙ্গে আমাদের দেখা হয়। তিনি আমাদের আমতলী এলাকায় জনৈক আবদুর রহিমের কাছে পাঠান। আমরা ছয়-সাতজন পরদিন ৭ নভেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে রহিমের সঙ্গে একটি মাইক্রোবাসে করে সীতাকুণ্ডে যাই। বাঁশবাড়িয়া এলাকায় আমি গাড়ি ভাঙচুরে অংশ নিই। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে আমাদের দুজনকে ধরে ফেলে। রহিমসহ অন্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়। মুক্তাঙ্গনে খালেদা জিয়াকে সমাবেশ করতে না দেওয়ায় তাঁরা এই কাজে অংশ নেন।’