সাকা চৌধুরীদের প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া জমি নিয়ন্ত্রণে নিচ্ছে চট্টগ্রাম বন্দর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমানে কারাগারে আটক সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পারিবারিক মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া প্রায় এক একর জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ১৯৬২ সালের ১ জানুয়ারি জায়গাটি কর্ণফুলী পেপার প্রোডাক্টস নামের একটি পেপার কনভার্টিং কারখানাকে ২৫ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল। বন্দরের সঙ্গে ওই ইজারা চুক্তি হয়েছিল তৎকালীন মুসলিম লীগের নেতা প্রয়াত ফজলুল কাদের চৌধুরীর (সাকা চৌধুরীর বাবা)। পরে সেখানে স্ট্যান্ডার্ড প্রিন্টিং ওয়ার্কস নামের ছাপাখানা এবং সাইফুদ্দীন-জামালুদ্দীন ব্রাদার্স নামের পলিথিন ও শিট তৈরির কারখানা স্থাপন করা হয়। উত্তরাধিকার সূত্রে এই তিনটি প্রতিষ্ঠানের মালিক সাকা চৌধুরীরা চার ভাই ও দুই বোন। কর্ণফুলী নদীর পাড়সংলগ্ন সদরঘাটের ওই জায়গার বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।সূত্র আরও জানায়, ওই ইজারার মেয়াদ শেষে বন্দর কর্তৃপক্ষ গত ২৩ বছরে অন্তত দুবার ইজারার মেয়াদ আর না বাড়ানোর চেষ্টা করে। সর্বশেষ গত ৩১ ডিসেম্বর ১০ বছরের ইজারার মেয়াদ শেষ হলে বন্দর কর্তৃপক্ষ চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। ইজারা গ্রহীতা আরও এক বছর সময় চাইলে কর্তৃপক্ষ তিন দিনের মধ্যে দখল ছেড়ে দিতে অনুরোধ করে। দখল না ছাড়ায় বন্দর কর্তৃপক্ষ গত বুধবার একটি উচ্ছেদ মামলা করে। প্রয়োজনে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালাবে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ইজারা চুক্তির শর্তে ছিল, আমাদের জমির প্রয়োজন হলে ইজারা গ্রহীতাকে জমি ছেড়ে দিতে হবে। সেই শর্তে আমরা চুক্তির মেয়াদ শেষে ওই জমি ফিরিয়ে নিচ্ছি। তাঁরাও জমি ফিরিয়ে দিতে সম্মতির কথা জানিয়েছেন। নির্ধারিত সময়ে জমি না ছাড়লে আমরা উচ্ছেদ করব।’জানা গেছে, ওই জায়গায় বন্দরের প্রস্তাবিত প্রকল্প ভিটিএমআইএসের মূল রাডার স্টেশন বসানো হবে। ওই প্রকল্পের যন্ত্রপাতির মাধ্যমে বন্দরের ভেতরের ও বহির্নোঙরের সব জাহাজের গতিবিধির ওপর নজরদারি করা সম্ভব হবে।কর্ণফুলী পেপার প্রোডাক্টসের অন্যতম মালিক ও সাকা চৌধুরীর সহোদর গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমরা আর বন্দরের জায়গা ধরে রাখতে চাই না। এ কারণে যন্ত্রপাতি সরানোর জন্য তিন মাস সময় চেয়েছিলাম। সেটাও আমাদের দেওয়া হচ্ছে না।’বন্দরের নথিপত্র ঘেঁটে দেখা যায়, প্রথম দফার ২৫ বছরের ইজারার মেয়াদ শেষ হয় ১৯৮৭ সালে। ১৯৮৮ সালে বন্দরের কাজে ব্যবহারের কারণ দেখিয়ে ইজারা বাতিলের চিঠি দেওয়া হয় ইজারা গ্র্রহীতাকে। কিন্তু ইজারা গ্রহীতা আদালতে মামলা করে। ওই বছরই বন্দর কর্তৃপক্ষ প্রায় আট শতাংশ নিজের কাছে রেখে বাকি ৯২ শতাংশ জায়গা কর্ণফুলী পেপার প্রোডাক্টসকে এক বছরের (নবায়নযোগ্য) জন্য ইজারা দেয়। পরে ইজারা নবায়ন অব্যাহত থাকে। ২০০০ সালে ইজারা বাতিলের চিঠি দেওয়া হলে গ্রহীতা হাইকোর্টে রিট করে। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালে ওই জায়গা ১০ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল।