সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল গ্রেপ্তার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর আইনজীবী ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর কাকরাইলের নিজ চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার পর সাকা চৌধুরীর পরিবার রায় ফাঁস হওয়ার অভিযোগ তোলে। ২ অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে রায়ের খসড়া ফাঁস হতে পারে মর্মে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির ভিত্তিতে পরে রায়ের অংশবিশেষ ফাঁসের ঘটনায় ট্রাইব্যুনালের পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী, সাঁটমুদ্রাক্ষরিক ফারুক হোসেন ও সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসানকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়।
ডিবি সূত্র জানায়, নয়ন ও ফারুক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তাঁদের গ্রেপ্তারের পর আত্মগোপন করেন মেহেদী হাসান। গতকাল গ্রেপ্তার হলেন আইনজীবী ফখরুল ইসলাম। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় করা মামলায় ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।