মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা আপিলের শুনানি চলছে। গতকাল সোমবার চতুর্থ দিনে পেপারবুক থেকে চট্টগ্রামের জগৎমল্লপাড়া ও সুলতানপুর বণিকপাড়ায় গণহত্যা ও এ-সংক্রান্ত সাক্ষ্যপ্রমাণ তুলে ধরেন সাকা চৌধুরীর আইনজীবী।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এই শুনানি চলছে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শুনানিতে সাকা চৌধুরীর আইনজীবী এস এম শাহজাহান একাত্তরে রাউজানে জগৎমল্লপাড়া ও সুলতানপুর বণিকপাড়ায় গণহত্যার অভিযোগ ও এ-সংক্রান্ত রাষ্ট্রপক্ষের সাক্ষ্যপ্রমাণ পেপারবুক থেকে উপস্থাপন করেন। শুনানি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন আদালত।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধকালে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর বণিকপাড়া ও উনসত্তরপাড়ায় গণহত্যা, আওয়ামী লীগের নেতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণ ও হত্যার দায়ে তাঁকে ফাঁসির আদেশ দেওয়া হয়।