সাকা চৌধুরীর আপিলের শুনানি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা আপিলের শুনানি অব্যাহত রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গতকাল রোববার শুনানির তৃতীয় দিনে নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডের অভিযোগ ও এ-সংক্রান্ত সাক্ষ্যপ্রমাণ তুলে ধরেন সাকা চৌধুরীর আইনজীবী।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এই আপিলের শুনানি চলছে। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শুনানিতে সাকা চৌধুরীর আইনজীবী এস এম শাহজাহান চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের দুই সাক্ষীর জবানবন্দি ও জেরা পেপারবুক থেকে উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি করেন আদালত।
একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের রাউজানে নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর বণিকপাড়া ও উনসত্তরপাড়ায় গণহত্যা, আওয়ামী লীগের নেতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণ ও হত্যার দায়ে আদালত তাঁকে ফাঁসির আদেশ দেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২৩টি অভিযোগ আনে, যার মধ্যে নয়টি প্রমাণিত হয়।