বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম স্থগিত করার জন্য আবেদনের শুনানি হবে ২৯ নভেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গতকাল তাঁকে হাজির করার আদেশ দিয়েছিলেন। আদেশ অনুযায়ী সকালে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনি পুরো সময় কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর আগে পরিবারের সদস্য, বিএনপি-সমর্থক আইনজীবী ও সমর্থকেরা তাঁর সঙ্গে কথা বলেন।কার্যক্রম শুরুর পর সাকা চৌধুরী বলেন, চেয়ারম্যানের অনুমতি পেলে তিনি দুটি কথা বলতে চান। ট্রাইব্যুনাল অনুমতি দিলে তিনি ইংরেজিতে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এখানে সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি আছেন। তাঁরা সংবিধানের রক্ষক। সংবিধান লঙ্ঘন করে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, অথচ তাঁরা সংবিধান রক্ষা করছেন না। তিনি দাবি করেন, শুধু তাঁর বিচারের জন্য ৩৭ বছর পর ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করা হয়েছে।ট্রাইব্যুনাল প্রায় ১৫ মিনিট পর সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে শুনানি করতে বলেন। গত বুধবার এ মামলার কার্যক্রম স্থগিত করার জন্য সাকা চৌধুরীর পক্ষে তিনি একটি আবেদন করেন। এ সময় সাকা চৌধুরী ট্রাইব্যুনালকে বলেন, তাঁর আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, জমিরউদ্দিন সরকার, জয়নাল আবেদীনকে ঢুকতে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।ট্রাইব্যুনাল পরে ফখরুল ইসলামকে ওই তিন আইনজীবীকে নিয়ে আসতে বলেন। এ সময় ট্রাইব্যুনালের কার্যক্রম পাঁচ মিনিটের জন্য মুলতবি করা হয়। কার্যক্রম আবার শুরুর পরও তিনি ওই তিনজনকে নিয়ে ফিরে না এলে ট্রাইব্যুনাল ২৯ নভেম্বর শুনানির দিন পুনর্নির্ধারণ করে আদেশ দেন। আদেশে আরও বলা হয়, ২৯ নভেম্বরের মধ্যে সাকা চৌধুরীর পক্ষে ১০ জন আইনজীবীর তালিকা এবং পরিবারের যেসব সদস্য এজলাসকক্ষে উপস্থিত থাকতে চায়, তাদের তালিকা ট্রাইব্যুনালকে দিতে হবে। তাদের প্রবেশের জন্য অনুমতিপত্র দেওয়া হবে। স্থানসংকুলান হবে না বলে এর চেয়ে বেশি লোককে এজলাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।গতকাল কার্যক্রমের শুরুতে ট্রাইব্যুনাল বলেন, এজলাসকক্ষে ৭০ জনের বসার ব্যবস্থা আছে। এর চেয়ে বেশি লোক ঢোকার অনুমতি দেওয়া সম্ভব নয়। এ ব্যাপারে ট্রাইব্যুনাল সবার সহযোগিতা কামনা করেন।