সাকা চৌধুরীর কথামতো বাবাকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষী পরিতোষ কুমার পালিত। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরের ১৪ এপ্রিল সাকা চৌধুরীর কথামতো পাকিস্তানি সেনারা তাঁর বাবাকে গুলি করে হত্যা করে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পরিতোষ পালিতের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। জবানবন্দির শেষ দিকে সাকা চৌধুরীকে আসামির কাঠগড়ায় আনা হয়।জবানবন্দিতে পরিতোষ পালিত (৬৯) বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান থানার ৮ নম্বর ওয়ার্ডে। একাত্তরে তিনি রাঙ্গুনিয়া থানার রাজানগর আরএবিএম উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর বাবা সতীশ চন্দ্র পালিতের পেশা ছিল থানায় ডায়েরি, এজাহার প্রভৃতি লেখা। একাত্তরের ২৫ মার্চের পর তাঁদের এলাকায় মুসলিম লীগের নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট, অগ্নিসংযোগ, নারী নির্যাতন প্রভৃতি শুরু করেন। এপ্রিলের ১০-১১ তারিখে বাবার কথায় তাঁরা (পরিবারের অন্য সদস্যরা) পিসেমশাই ক্ষেত্রমোহন সাহার বাড়িতে আশ্রয় নেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, কুণ্ডেশ্বরীর অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যার খবর শুনে ১৪ এপ্রিল তিনি বাবাকে দেখতে বাড়ি যান। তিনি বাবাকে বাড়ি ছাড়তে বললেও তিনি রাজি হননি। কিছুক্ষণ পর সাকা চৌধুরীসহ পাঞ্জাবি (পাকিস্তানি) সেনাদের তাঁদের বাড়ির দিকে এগোতে দেখে তিনি বাড়ির পাশের ঝোপে আত্মগোপন করেন। সেখান থেকে দেখেন, সাকা চৌধুরী তাঁদের বাড়ির পুকুরপাড়ে গাছের নিচে দাঁড়িয়ে আছেন আর বাড়ির উঠানে পাঞ্জাবি সেনাদের সঙ্গে বাবার কথা-কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে সাকা চৌধুরী পাঞ্জাবি সেনাদের উদ্দেশে বলেন, ‘ওই লোকটা ডেঞ্জারাস...তাঁকে মেরে ফেলো।’ পাঞ্জাবি সেনারা তাঁর বাবাকে ঘরে ফিরতে বলে। কিন্তু বাবা পেছন ফিরে ঘরে যাওয়ার সময় পাঞ্জাবিরা পরপর দুটি গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পাঞ্জাবিরা ঘর থেকে কাঁথা-লেপ বের করে বাবার মরদেহের ওপর রেখে রাসায়নিক পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।পরিতোষ পালিত বলেন, পাঞ্জাবি সেনারা চলে যাওয়ার পর তিনি আত্মীয়ের বাড়ি গিয়ে বড় ভাই ও অন্যদের কাছে বাবার মৃত্যুসংবাদ দেন। এর কয়েক দিন পর তাঁর মেজভাই প্রিয়তোষ পালিত (বর্তমানে মৃত) বাড়িতে গিয়ে বাবার পোড়া হাড়গোড় নিয়ে আসেন। দেশে থাকা নিরাপদ মনে না হওয়ায় তাঁরা ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ শেষে তাঁরা দেশে ফিরে আসেন।জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।