সাকা চৌধুরীর গাড়িতে এনারগা গ্রেনেড ছোড়া হয়েছিল: মাহবুব
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী এস এম মাহবুব-উল-আলমকে গতকাল বৃহস্পতিবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকা চৌধুরীর গাড়িতে শক্তিশালী এনারগা গ্রেনেড ছোড়া হয়েছিল।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মাহবুবকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।জেরায় এক প্রশ্নের জবাবে মাহবুব বলেন, সাকা চৌধুরীকে হত্যার জন্য পরিচালিত অভিযানের দুই দিন আগে তিনি ঘটনাস্থল রেকি (পর্যবেক্ষণ) করেছিলেন। অভিযানের পর কি তিনি আজিজ উদ্দিনের বাড়ি (ঘটনাস্থল) গেছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ পর্যন্ত তিনি আর আজিজ উদ্দিনের বাড়ি যাননি। পরের প্রশ্নের জবাবে বলেন, সহযোদ্ধাদের নিয়ে তিনি ১০-১২ ফুট চওড়া স্ল্যাবের (পাটাতন) নিচে লুকিয়ে ছিলেন, তিনি ছিলেন সবার আগে।পরের কয়েকটি প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা মাহবুব বলেন, গ্রেনেড নিক্ষেপ ছাড়াও সাকা চৌধুরীর গাড়িতে গুলি করা হয়েছিল স্টেনগান থেকে। এ ধরনের অস্ত্র ও গ্রেনেড দিয়ে আক্রমণ করলে গাড়িতে থাকা কোনো লোক বাঁচতে পারে না। ওইখানে গাড়িচালক মারা যান, সাকা চৌধুরী গুরুতর আহত হন। অন্যদের খবর তিনি জানেন না।মাহবুব গত ২৮ আগস্ট ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে বলেছিলেন, মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান (প্রয়াত রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধে জেড বাহিনীর প্রধান) তাঁদের একটি ‘হিটলিস্ট’ দেন। তাতে ২২ জনের নাম ছিল, প্রথমে ছিল ফজলুল কাদের চৌধুরী ও দ্বিতীয়তে সাকা চৌধুরীর নাম। এ প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবী মত (সাজেশন) দেন, সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়ায় বিএনপির মধ্যে গন্ডগোল তৈরির জন্য সাক্ষী মেজর জিয়ার নাম বলেছেন। সাক্ষী বলেন, এটা সত্য নয়।জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৯ সেপ্টেম্বর (রোববার) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।সাঈদীর পক্ষে পরবর্তী সাক্ষ্য ৯ সেপ্টেম্বর: একই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী আবদুর রাজ্জাককে গতকাল জেরা শেষ করেছে রাষ্ট্রপক্ষ। শারীরিক কারণে সাঈদী ট্রাইব্যুনালে হাজির ছিলেন না। আসামিপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ট্রাইব্যুনাল ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় সাক্ষীকে জেরা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মোহাম্মদ হাসানুজ্জামানকে জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। কামারুজ্জামান আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। ৯ সেপ্টেম্বর আসামিপক্ষ হাসানুজ্জামানকে আবার জেরা করবে।