বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছয়টি আবেদন গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৫ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মো. মিজানুর রহমান তালুকদারের (৫৭) জবানবন্দি দেওয়া গতকাল শুরু হয়েছে।সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগেই সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগার এবং সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।শুরুতে সাকা চৌধুরীকে এজলাসে নেওয়া হয়। তাঁর করা ছয়টি আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল আদেশ দেন। ১২ ডিসেম্বর এসব আবেদনের বিষয়ে শুনানি হয়েছিল।সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধি অনুসারে কার্যক্রম পরিচালনার জন্য করা সাকা চৌধুরীর আবেদনের ওপর আদেশে ট্রাইব্যুনাল বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ অনুসারে এই ট্রাইব্যুনালে সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য নয়। ট্রাইব্যুনাল তাঁর নিজস্ব আইন ও বিধি অনুসারে পরিচালিত হবে।পরামর্শক হিসেবে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের ওপর আদেশে ট্রাইব্যুনাল বলেন, একমাত্র বাংলাদেশের আইনজীবী সমিতি থেকে অনুমোদনপ্রাপ্ত আইনজীবীকে ট্রাইব্যুনাল মামলা পরিচালনার অনুমতি দিতে পারেন। তবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়েই আদালতের বাইরে বিদেশি আইনজীবীদের পরামর্শ নিতে পারবেন। ট্রাইব্যুনালের কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচারের জন্য এজলাসে ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতির অনুমতি চেয়ে করা আবেদনের আদেশে বলা হয়, বিশ্বের কোথাও আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের নজির নেই। তবে কার্যক্রমের ধারণ করা কিছু অংশ পরে প্রচার করা যায় কি না, তা ট্রাইব্যুনাল পরবর্তী সময় বিবেচনা করবেন।আসামিপক্ষের প্রস্তুতির জন্য ১১ মাস সময় চেয়ে করা আবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষের প্রস্তুতির জন্য বিধিতে কমপক্ষে ২১ দিন সময়ের উল্লেখ রয়েছে। প্রয়োজন অনুসারে আরও সময় দেওয়া হবে। আন্তর্জাতিক আইন অনুসারে অপরাধ সংজ্ঞায়নের আবেদনের আদেশে বলা হয়, আইনে অপরাধের সংজ্ঞা সুস্পষ্টভাবে উল্লেখ আছে বলে ট্রাইব্যুনাল মনে করেন। ষষ্ঠ আবেদনের আদেশে বলা হয়, বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সনদ অনুসমর্থন করেছে, সেগুলো মেনে চলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এটি ট্রাইব্যুনালের বিবেচ্য নয়।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম পরে সাংবাদিকদের বলেন, ১৫ জানুয়ারি সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছেন।সাঈদীর বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি: সাঈদীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা রুহুল আমিনকে গতকাল জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী কফিলউদ্দিন চৌধুরী ও মঞ্জুর আহমেদ আনসারী। এরপর বেলা সাড়ে তিনটার দিকে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মো. মিজানুর রহমান তালুকদার জবানবন্দি দেওয়া শুরু করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী তাঁর জবানবন্দি নেন।সাক্ষী মিজানুর বলেন, তাঁর ভাই আবদুল মান্নান তালুকদার পিরোজপুরের সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে চাকরি করতেন। মে মাসের ২১-২২ তারিখের দিকে মান্নান অফিস থেকে বাড়ি ফেরার পথে পারেরহাটে দেলোয়ার হোসেন কথিত সাঈদী কয়েকজন রাজাকার সঙ্গীসহ তাঁকে ধরে ফকিরদাসের দালানে রাজাকার ক্যাম্পে নিয়ে যান। সেখানে তাঁরা মান্নানের ওপর রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। পরদিন বেলা সাড়ে ১১টার দিকে দানেশ আলী মোল্লার পরামর্শে তাঁকে ছেড়ে দেওয়া হয়।সাক্ষী জবানবন্দিতে বলেন, মুক্তিযুদ্ধের আগে সাঈদী পারেরহাট খেয়াঘাটে হাটের দিন মাটিতে চট বিছিয়ে তেল, লবণ, হলুদ, পিঁয়াজ, মরিচ প্রভৃতি বিক্রি করতেন। অন্যান্য দিন তিনি লঞ্চে ও গ্রাম্য বাজারে কবচ ও দাঁতের মাজন বিক্রি করতেন।মিজানুর বলেন, তিনি পাকিস্তানি সেনা ও রাজাকারদের কচা নদীতে ১৭-১৮টি বড় নৌকায় করে লুটের মালামাল নিয়ে যেতে দেখেছেন। একটি নৌকায় লুটের মালামালের ওপর সাঈদী, দানেশ মোল্লা ও পাঁচ-ছয়জন পাকিস্তানি সেনা বসেছিলেন।বিকেল সোয়া চারটা পর্যন্ত মিজানুর রহমান জবানবন্দি দেন। তাঁর জবানবন্দি অসমাপ্ত অবস্থায় ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।