বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ২০ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সাকা চৌধুরীর পক্ষে করা ছয়টি আবেদন খারিজ করে গতকাল মঙ্গলবার এই আদেশ দেন ট্রাইব্যুনাল।আবেদনগুলো হলো: সাকা চৌধুরীর বিরুদ্ধে ছয়টি মামলার কার্যক্রম দালাল আইন, ১৯৭২ ও দণ্ডবিধির অধীনে পরিচালনা, তদন্ত প্রতিবেদন সরবরাহের নির্দেশনা, মামলার কার্যক্রম আন্তর্জাতিক আইন ও সনদ মেনে পরিচালনার বিষয় পুনর্বিবেচনা (রিভিউ), মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে অব্যাহতি, কাশিমপুর-২ কারাগার থেকে অন্য যেকোনো কারাগারে স্থানান্তর ও জামিনের আবেদন। ট্রাইব্যুনাল একে একে এসব আবেদনের বিষয়ে আদেশ দেন।মামলার কার্যক্রম আন্তর্জাতিক আইন ও সনদ মেনে পরিচালনার বিষয় পুনর্বিবেচনার আবেদনের আদেশে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বলেন, গত বছরের ৩ অক্টোবর জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হয়। ওই আদেশে আন্তর্জাতিক আইন ও সনদ মেনে মামলার কার্যক্রম পরিচালনার বিষয়টি সম্পূর্ণ পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। এরপর আবারও এ ধরনের আবেদন উদ্দেশ্যপ্রণোদিত এবং বিচারের প্রক্রিয়া বিলম্বিত করতে করা হয়েছে।অবশ্য সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, ‘আমি শ্রদ্ধার সঙ্গে ট্রাইব্যুনালের এই মন্তব্য প্রত্যাখ্যান করছি। এই মন্তব্য ঠিক হয়নি। আবেদনের সঙ্গে নানা ধরনের উপাদান সংযুক্ত ও যুক্তি উপস্থাপন করা হয়েছিল।’অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের আদেশে ট্রাইব্যুনাল বলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে দালাল আইন ও দণ্ডবিধিতে যে ছয়টি মামলা আছে, সেগুলোর কোনোটিতেই তাঁকে খালাস কিংবা শাস্তি দেওয়ার বিষয়ে কিছু জানা যায় না। সে ক্ষেত্রে একই অপরাধে দুবার শাস্তি পাওয়ার সম্ভাবনা তাঁর নেই।গতকাল সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের আদেশ প্রসঙ্গে ট্রাইব্যুনালের সদস্য বিচারক এ কে এম জহির আহমেদ তাঁর মতামতে বলেন, এ রকম আবেদনের আদেশ আসামির উপস্থিতিতে দেওয়া হয়। কেন আবেদন খারিজ করা হলো, এটা শোনা ও জানা আসামির অধিকার।গোলাম আযমের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন ১৯ মার্চ: জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানিতে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১৯ মার্চ দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। গতকাল আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম শুনানির জন্য সময়ের আরজি জানালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম জোরালো বিরোধিতা করেন। পরে ট্রাইব্যুনাল দিন পুনর্নির্ধারণ করে বলেন, এরপর আর সময় দেওয়া হবে না।কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন আজ: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ আজ বুধবার যুক্তি উপস্থাপন করবে। গতকাল যুক্তি উপস্থাপনের ধার্য দিনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী আবার অভিযোগ পাঠ শুরু করেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, অভিযোগ একবার পড়া হয়েছে। এখন এর সমর্থনে কী কী সাক্ষ্য-প্রমাণ আছে, তা বলবেন। মোহাম্মদ আলী বলেন, ১ থেকে ৪ নম্বর অভিযোগের পক্ষে সব নথিপত্রের সাক্ষ্য, কোনো মৌখিক সাক্ষ্য নেই। এ সময় ট্রাইব্যুনালের এক সদস্য বলেন, ‘কোনো মৌখিক সাক্ষ্য নেই! কিন্তু আমি সাক্ষীর জবানবন্দি পড়েছি, এসব অভিযোগের মৌখিক সাক্ষ্য আছে।’পরে ট্রাইব্যুনাল কৌঁসুলিকে বলেন, কাল (আজ বুধবার) সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসবেন। সাক্ষীদের জবানবন্দি ও জব্দ তালিকা পড়বেন। এরপর অভিযোগগুলোর পাশে নোট নিয়ে তারপর আসবেন।নিজামীর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন শুরু: জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল অভিযোগ উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। প্রথম দিনে অভিযোগ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলতাফ উদ্দিন আহমেদ। ৭৩ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের ২৩ পৃষ্ঠা পর্যন্ত পড়া হলে ট্রাইব্যুনাল কার্যক্রম মুলতবি করেন। আজও অভিযোগ উপস্থাপন চলবে।