সাকা চৌধুরীর জবানবন্দি চলছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার আসামিপক্ষের প্রথম সাক্ষী সাকা চৌধুরী ষষ্ঠ দিনের মতো জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে তিনি বাবা ফজলুল কাদের চৌধুরীর অনুসরণকারী হওয়ায় রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাকা চৌধুরী জবানবন্দি দিচ্ছেন। তিনি বলেন, ‘আমার পিতা এ কে এম ফজলুল কাদের চৌধুরী একাত্তরে কনভেনশন মুসলিম লীগের সভাপতি ও অখণ্ড পাকিস্তানের সমর্থক ছিলেন। আমি রাজনৈতিকভাবে আমার পিতার অনুসরণকারী ছিলাম, এর ওপর ভিত্তি করে আমার বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের একটি অভিযোগেও “মেনস রিয়া” (একটি আইনগত শব্দ, যার অর্থ আসামির অপরাধপ্রবণতা বা অপরাধী মানসিকতা) নেই। রাষ্ট্রপক্ষ শুধুমাত্র এটা প্রমাণ করতে পেরেছে, জৈবিকভাবে আমি আমার পিতার সন্তান।’ ইংরেজ লেখক স্যামুয়েল জনসনের একটি উদ্ধৃতি অনুসরণ করে সাকা চৌধুরী বলেন, ‘সত্য হলো এমন এক গরু, যা রাষ্ট্রপক্ষকে দুধ দেয়নি, এ জন্য তারা (রাষ্ট্রপক্ষ) দুধ দোহন করতে ষাঁড়ের কাছে গেছে।’
জবানবন্দিতে সাকা চৌধুরী তাঁর বাবার রাজনৈতিক জীবনের দীর্ঘ বিবরণ দেন। জবানবন্দি দেওয়ার একপর্যায়ে সাক্ষীর কাঠগড়ায় থাকা সাকা চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। আজ আবার সাকা চৌধুরী জবানবন্দি দেবেন।