সাকা চৌধুরীর তিন আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর তিনটি আবেদন গতকাল বুধবার খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত সোমবার এ আবেদন তিনটির শুনানি হয়।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-১-এ গতকাল এ তিন আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। আবেদনগুলো হলো, আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা বাড়ানো, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ভূতাপেক্ষ কার্যকারিতার বিষয়ে ওঠা প্রশ্ন আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলার কার্যক্রম মুলতবি রাখা এবং রাষ্ট্রপক্ষের দাখিল করা একটি প্রদর্শনী তালিকা থেকে বাদ দেওয়া।

তিনটি আবেদনই খারিজ করে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আসামিপক্ষের অ্যালিবাই (ঘটনাস্থলে না থাকার দাবি) প্রমাণের জন্য সাক্ষীর সংখ্যা পাঁচজনে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সাক্ষীর সংখ্যা বাড়ানোর পক্ষে আসামিপক্ষ নতুন কোনো যুক্তি আনতে পারেনি। ট্রাইব্যুনালস আইনের ভূতাপেক্ষ কার্যকারিতার বিষয়ে আপিল বিভাগ প্রশ্ন তুলেছেন, সেখানে বিষয়টি নিষ্পত্তি হবে। এটা নিয়ে এই ট্রাইব্যুনালে আসামিপক্ষের ‘হাইপোথেটিক্যাল সাবমিশন’ গ্রহণযোগ্য নয়।

গতকাল কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যাওয়ার পর সাকা চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। ট্রাইব্যুনাল তাঁকে এজলাসে হাজির করার নির্দেশ দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে আরাম চেয়ারে শোয়ানো অবস্থায় এজলাসে হাজির করেন। ট্রাইব্যুনালের নির্দেশে সাকা চৌধুরীর সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। পরে কৌঁসুলি জানান, শারীরিক অসুস্থতার জন্য আসামির পক্ষে জবানবন্দি দেওয়া সম্ভব নয়। এরপর ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম ৩০ জুন পর্যন্ত মুলতবি করেন।

আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাকা চৌধুরী ইতিমধ্যে ছয় দিন জবানবন্দি দিয়েছেন।

নিজামীর বিরুদ্ধে মামলায় ১১তম সাক্ষীকে জেরা: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী মো. শামসুল হককে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। ২০ জুন শামসুল হক জবানবন্দি দেন। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।