সাকা চৌধুরীর দুই আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দুটি আবেদন গতকাল সোমবার খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এদিকে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে ১১ ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। জামায়াতের এই চার নেতা হলেন দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা।সকালে সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগার; নিজামী, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।প্রথমে জামায়াতের নেতাদের এজলাসকক্ষে নেওয়া হয়। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু ট্রাইব্যুনালকে বলেন, এই চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরির কাজ প্রায় শেষ। বেলা তিনটা নাগাদ এগুলো রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেওয়া যাবে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১১ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন পুনর্নির্ধারণ করেন।এরপর সাকা চৌধুরীকে এজলাসকক্ষে নেওয়া হয়। অপরাধ আমলে নেওয়ার আদেশ প্রত্যাহার (রিকল) ও মামলার কার্যক্রম স্থগিতের জন্য তাঁর করা দুটি আবেদনই খারিজ করেন ট্রাইব্যুনাল। গত ২৯ ও ৩০ নভেম্বর আবেদন দুটির শুনানি হয়।প্রথম আবেদনসংক্রান্ত আদেশে বলা হয়, আসামির অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া হয়েছে বলে আদেশ প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর কার্যপ্রণালী বিধিমালার ২১(১১) ধারা অনুসারে তদন্ত প্রতিবেদন, আনুষ্ঠানিক অভিযোগ এবং এর সঙ্গে আনুষঙ্গিক নথিপত্র বিশ্লেষণ করে প্রাথমিক অভিযোগ (প্রাইমা ফেসি) পাওয়া গেলে অপরাধ আমলে নেওয়া যায়। এ জন্য আসামির উপস্থিতির কোনো উল্লেখ বিধিতে নেই।অপর আবেদনসংক্রান্ত আদেশে বলা হয়, কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন অনুযায়ী ট্রাইব্যুনালকে নিজস্ব কার্যপ্রণালী বিধিমালা প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। ওই ক্ষমতায় ট্রাইব্যুনাল বিধিমালা তৈরি করেছেন। হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতি এই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম পরিচালনা করায় সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে আসামির যুক্তি গ্রহণযোগ্য নয়। এটি একটি সাংবিধানিক বিষয়, যা এই ট্রাইব্যুনালে নিষ্পত্তিযোগ্য নয়। ট্রাইব্যুনালের বিধিমালা আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়, সহায়ক।ট্রাইব্যুনাল আদেশে বলেন, সাকা চৌধুরীর অন্য আবেদনগুলোর শুনানি হবে ১২ ডিসেম্বর। এসব আবেদনের মধ্যে রয়েছে আসামিপক্ষের প্রস্তুতির জন্য ১১ মাস সময় দেওয়া, সাক্ষ্য আইন ১৮৭২ ও ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মেনে বিচারিক কার্যক্রম পরিচালনা করা, আন্তর্জাতিক আইন অনুসারে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায়ন প্রভৃতি।অনুলিপি নেননি সাকা চৌধুরী: সাকা চৌধুরী গতকাল পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগের অনুলিপি নেননি। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেজবাহউদ্দিন আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, ট্রাইব্যুনাল গতকালের (সোমবার) মধ্যে এ-সংক্রান্ত নথি রেজিস্ট্রারের কার্যালয় থেকে সংগ্রহের নির্দেশ দিলেও তিনি নেননি। এর আগে ২৪ নভেম্বর ট্রাইব্যুনাল তাঁকে নথি সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন।