মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম স্থগিত এবং অভিযোগ আমলে নেওয়ার আদেশ প্রত্যাহারের জন্য বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা দুটি আবেদনের শুনানি গতকাল বুধবার শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের তারিখ ৫ ডিসেম্বর ধার্য করেছেন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সংসদ অধিবেশনে যোগ দিতে সাকা চৌধুরীর করা আবেদন বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল খারিজ করেন।সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগে সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুরুতে সংসদ অধিবেশনে যোগ দিতে তাঁর আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। এরপর তিনি দ্বিতীয় দিনের মতো তাঁর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম স্থগিতের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি দাবি করেন, শুধু তাঁকে শাস্তি দিতে ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করা হয়েছে।সাকা চৌধুরী তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আদেশ প্রত্যাহারের (রিকল) আবেদন জানিয়ে বলেন, তাঁর অনুপস্থিতিতে কীভাবে অভিযোগ আমলে নেওয়া হলো?পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল-মালুম বলেন, এই ট্রাইব্যুনাল সাংবিধানিক বিষয় নিষ্পত্তির জায়গা নয়। এসব বিষয়ে আদেশ দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের নেই। তিনি বলেন, ট্রাইব্যুনালের বিধি অনুসারে অভিযোগ আমলে নিতে আসামির উপস্থিতির দরকার নেই। আনুষ্ঠানিক অভিযোগ ও এর সঙ্গে দাখিল করা আনুষঙ্গিক তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে অভিযোগ আমলে নেওয়া যায়। পরে ট্রাইব্যুনাল আদেশের দিন ধার্য করেন।সাত দাবি: যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে সাকা চৌধুরী সাতটি দাবি জানিয়ে তা মানার আবেদন জানান। তিনি বলেন, যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত স্টিফেন জে র্যাপও এসব বিষয়ে পরামর্শ দিয়েছেন। এগুলো না মানলে তিনি আর ট্রাইব্যুনালের কার্যক্রমে অংশ নেবেন না। দাবিগুলোর মধ্যে রয়েছে: মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা সুস্পষ্ট করা, বিদেশি আইনজীবীদের পরামর্শক হিসেবে নিয়োগের সুযোগ দেওয়া, বেতার-টিভিতে ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা প্রভৃতি।জেয়াদ আল-মালুম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনাল দাবিদাওয়া পেশ করার জায়গা বা ট্রেড ইউনিয়ন নয়। এর কার্যক্রম তাঁর আইন অনুসারে নিজস্ব গতিতে চলবে।সেনাবাহিনী শব্দটি বিকৃতভাবে উচ্চারণ: যুক্তি উপস্থাপনের সময় সাকা চৌধুরী দুই দফায় ‘সেনাবাহিনী’ শব্দটি বিকৃতভাবে উচ্চারণ করেন। এর প্রতিবাদ করে জেয়াদ আল-মালুম বলেন, সাকা চৌধুরী ইচ্ছাকৃতভাবে সেনাবাহিনী শব্দটি বিকৃতভাবে উচ্চারণ করে তাদের কটাক্ষ করেছেন। ট্রাইব্যুনাল বিষয়টি জানতে চাইলে সাকা চৌধুরী এমন শব্দ উচ্চারণ সম্পর্কে বিস্ময় প্রকাশ করেন এবং তা করে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করেন।জেয়াদ আল-মালুম পরে সাংবাদিকদের বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করার সময় সাকা চৌধুরী সচেতনভাবে সেনাবাহিনী শব্দটি বিকৃতভাবে উচ্চারণ করেছেন। এতে একজন সাংসদ হিসেবে তিনি শপথ ভঙ্গ করেছেন।