সাকা চৌধুরীর দেশে থাকার আরেকটি প্রমাণ দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ১৯৭১ সালে দেশে থাকার পক্ষে প্রমাণ হিসেবে দৈনিক পাকিস্তান-এর একটি সংখ্যা আদালতে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল বুধবার ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত দৈনিক পাকিস্তান পত্রিকার একটি কপি দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সাকা চৌধুরীর করা আপিলের রায়ের জন্য ২৯ জুলাই দিন ধার্য রেখেছেন আদালত। গত মঙ্গলবার আপিল বিভাগে এ মামলার শুনানি শেষ হয়। আপিলের শুনানিতে আসামিপক্ষ দাবি করে, ১৯৭১ সালের ২৯ মার্চ সাকা চৌধুরী দেশ ছেড়ে পাকিস্তানের করাচি চলে যান। তবে রাষ্ট্রপক্ষ বলে, আসামিপক্ষের এ দাবি মিথ্যা। এর পক্ষে বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ দেয় রাষ্ট্রপক্ষ। গতকাল এ দাবির পক্ষে আরেকটি প্রমাণ হিসেবে বাংলা একাডেমির গ্রন্থাগার থেকে সংগ্রহ করা দৈনিক পাকিস্তান পত্রিকাটির মূল কপি আদালতে জমা দেন অ্যাটর্নি জেনারেল।
দৈনিক পাকিস্তান পত্রিকার ওই সংখ্যার একটি প্রতিবেদনে বলা হয়, ফজলুল কাদের চৌধুরীর এক ছেলে মুক্তিযোদ্ধাদের হামলায় আহত হয়েছিলেন। গাড়িতে চালানো এ হামলায় গাড়িচালক মারা যান।