সাকা চৌধুরীর পক্ষে আবার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে আবার সরকারি খরচে আইনজীবী নিয়োগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ নিয়ে দ্বিতীয় দফায় তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হলো।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার সাকা চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সালমা হাইকে নিয়োগ দেন।গত বুধবার সাকা চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর আইনজীবীদের ওকালতনামা ট্রাইব্যুনাল বাতিল করেন। তাঁর পক্ষে কোনো আইনজীবী না থাকায় আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ করেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১২ ধারা অনুসারে, আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে তাঁর পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিতে হবে।এর আগে সাকা চৌধুরীর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম বদিউজ্জামান। পরে সাকা চৌধুরী তাঁর আইনজীবী হিসেবে আহসানুল হক ও ফখরুল ইসলামকে নিয়োগ দিলে গত বছরের ১৫ জানুয়ারি ট্রাইব্যুনাল এম বদিউজ্জামানকে প্রত্যাহার করেন।গতকাল এই মামলার কার্যক্রমের শুরুতে আসামির কাঠগড়ায় থাকা সাকা চৌধুরী ট্রাইব্যুনালকে বলেন, ট্রাইব্যুনালস আইনের ১৭(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি নিজেই আত্মপক্ষ সমর্থন করতে চান। রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষীকে তিনিই জেরা করবেন। ট্রাইব্যুনাল তাঁর আবেদন মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী এক নারীকে ক্যামেরা ট্রায়ালে জেরা করা হয়। এ সময় বিচারক, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও আসামি ছাড়া এজলাসে কেউ ছিলেন না। ওই নারী বুধবার ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেন।রাষ্ট্রপক্ষ জানায়, রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর সহযোগিতা নিয়ে সাকা চৌধুরী প্রায় দেড় ঘণ্টা সাক্ষীকে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।