সাকা চৌধুরীর পক্ষে বিপক্ষে চার আবেদনের শুনানি, আজ আদেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের করা দুটি করে চারটি আবেদনের শুনানি হয়েছে। আবেদনগুলোর বিষয়ে আজ বুধবার আদেশ দেওয়া হবে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল প্রথমে রাষ্ট্রপক্ষের দুটি আবেদনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। এর মধ্যে একটি হচ্ছে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন, আরেকটি অভিযোগ গঠনের বিষয়ে আদেশ সংশোধনের আবেদন। শুনানিতে সুলতান মাহ্মুদ বলেন, রাষ্ট্রপক্ষের তিনজন গুরুত্বপূর্ণ সাক্ষী মারা গেছেন, আর পাঁচজন সাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১৯(২) ধারা অনুসারে তদন্ত কর্মকর্তাকে দেওয়া তাঁদের জবানবন্দি সাক্ষ্য হিসেবে নেওয়া হোক। এর বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম শুনানিতে বলেন, নিখোঁজ পাঁচজনের বিষয়ে থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, তার সবই এ মাসে করা হয়েছে। এতে সাক্ষী হাজির করতে রাষ্ট্রপক্ষের অবহেলার বিষয়টিই প্রমাণ হয়। পরে আসামিপক্ষের করা দুটি আবেদনের শুনানি হয়। এর একটি ছিল, রাষ্ট্রপক্ষের দুজন কৌঁসুলিকে আবার জেরার আবেদন, অপরটি ছিল সাকা চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতির বিষয়ে ট্রাইব্যুনালের দেওয়া আদেশ (আদেশ নম্বর ১৭) প্রত্যাহার। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য আজ দিন ধার্য করেন। মোবারকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ জুন: একই ট্রাইব্যুনালে গতকাল আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়নের সাবেক নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী খোদেজা বেগমকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২ জুন দিন ধার্য করা হয়েছে।