সাকা চৌধুরীর পক্ষে যুক্তি আজ শেষ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা আপিলের ওপর যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছে আসামিপক্ষ। আজ মঙ্গলবারের মধ্যে আসামিপক্ষকে যুক্তি উপস্থাপন শেষ করতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন সাকা চৌধুরীর আইনজীবী এস এম শাহজাহান। এদিন তিনি সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের বিষয়ে যুক্তি দেন। তাঁকে সহযোগিতা করেন তানভীর আহমেদ আল-আমীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গতকাল যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় আজ এক ঘণ্টার মধ্যে আসামিপক্ষকে যুক্তি উপস্থাপন শেষ করতে বলেছেন আদালত। শেষ হলে সে ক্ষেত্রে আজ এই মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণার দিন ধার্য করতে পারেন আদালত। অথবা আদালত রায় ঘোষণা অপেক্ষমাণ রাখতে পারেন।
১ জুলাই এ মামলায় যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। এ সময় রাষ্ট্রপক্ষ সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখার আরজি জানায়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর বণিকপাড়া ও উনসত্তরপাড়ায় গণহত্যা, আওয়ামী লীগ নেতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণ ও হত্যার দায়ে সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২৩টি অভিযোগ আনে, এর মধ্যে নয়টি প্রমাণিত হয়। চারটি অভিযোগে (৩, ৫, ৬, ৮) মৃত্যুদণ্ডাদেশ ছাড়াও রাউজানের মধ্য গহিরা হিন্দুপাড়া ও জগৎমল্লপাড়ায় গণহত্যা এবং রাউজানের সতীশ চন্দ্র পালিতকে হত্যার তিনটি অভিযোগে (২, ৪, ৭) তাঁকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। নিজামুদ্দিন আহমেদসহ তিনজনকে আটকে রেখে নির্যাতন ও মো. সালেহউদ্দিনকে নির্যাতনের দুটি অভিযোগে (১৭ ও ১৮) তাঁকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ২০১৩ সালের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী। চারটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ আপিল করেনি।