সাকা চৌধুরীর পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সোমবার তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন সাকা চৌধুরীর আইনজীবী আহসানুল হক। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
আজ সাকা চৌধুরীর আইনজীবী এ মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি যুক্তি উপস্থাপনকালে বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রামে সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেছেন। কিন্তু তিনি আসামিপক্ষের জেরায় একাত্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কে ছিলেন বলতে পারেনি। এ ছাড়া চট্টগ্রামের ডিআইজি বা পুলিশ সুপার কে ছিলেন, চট্টগ্রামের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কারা ছিলেন, তাও বলতে পারেননি। একাত্তরে চট্টগ্রামে পুলিশের কোনো বিশেষ বিভাগ ছিল কি না, তাও তিনি বলতে পারেননি। তিনি বিভিন্ন থানায় কোনো অপমৃত্যু মামলা পর্যালোচনা করেননি বা চট্টগ্রামে কোনো থানার কোনো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেননি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কবে প্রতিষ্ঠিত হয়েছে স্মরণ করতে পারেননি। এসব বিষয় থেকে বলা যায়, ট্রাইব্যুনালে দেওয়া তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নেই।
সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যে চার সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে, আইনজীবী সে বিষয়ে কিছু অসংগতি তুলে ধরেন। ওই চার সাক্ষী হলেন জেসনা বালা চৌধুরী, বাদল বিশ্বাস, জানকি বালা ও বাদশা মিয়া।
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আগামী বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ আনা হয়েছে। গত ২৮ জুলাই থেকে রাষ্ট্রপক্ষ চার দিন এসব অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করে। অবশ্য ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষকে তিন দিন ও আসামিপক্ষকে চার দিন সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ ওই সময়ের মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করতে না পারায় আরেক দিন বাড়িয়ে দেওয়া হয়। আসামিপক্ষ গত বৃহস্পতিবার যুক্তি উপস্থাপন শুরু করে।