সাকা চৌধুরীর পক্ষে সাক্ষ্য দেবেন পাঁচজন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের দেওয়া তালিকার এক হাজার ১৫৩ জন সাক্ষীর মধ্যে পাঁচজন সাক্ষ্য দিতে পারবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল এ সংখ্যা নির্দিষ্ট করে দেন।১৭ জুন থেকে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আসামিপক্ষের পাঁচ সাক্ষীর একজন হবেন সাকা চৌধুরী নিজে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১-এ গতকাল এ মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী নুরুল ইসলামকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা শেষে সাকা চৌধুরীর পক্ষে দাখিল করা সাক্ষীর তালিকা বাতিলের আরজি জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। তিনি বলেন, এ তালিকা শুরু হয়েছে আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে, সর্বশেষ এক হাজার ১৫৩তম ব্যক্তির নাম শফি সওদাগর। সাক্ষীদের এ দীর্ঘ তালিকায় এক ব্যক্তির নাম অসংখ্যবার রয়েছে। যেমন নুরুল আলম, নুরুল আহমেদ ও নুরুল হক—এ নাম তিনটি কয়েকবার উল্লেখ করা হয়েছে। একই নামের আগে-পরে একটি শব্দ যোগ করে সংখ্যা বাড়ানো হয়েছে। এ ছাড়া বিধি অনুসারে সাক্ষীদের পরিচিতিবিষয়ক তথ্য ও কে কোন অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেবেন, তা উল্লেখ নেই।এ আবেদনের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম শুনানিতে বলেন, ‘আমার নাম ফখরুল ইসলাম। সুপ্রিম কোর্টের চার হাজার আইনজীবীর মধ্যে আমার নামে তিনজন আইনজীবী আছেন, যাঁদের নামের বানানও হুবহু আমার মতো। সাকা চৌধুরীর পক্ষে যে সাক্ষীদের তালিকা দেওয়া হয়েছে, তা খুবই সংক্ষিপ্ত। তিনি ৩২ বছর ধরে বিভিন্ন সংসদীয় আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। এ জন্য তাঁর পক্ষে সাক্ষীদের তালিকায় মাত্র এক হাজার ১৫৩ জনের নাম দেওয়া হয়েছে।’পরে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষের সাক্ষীদের তালিকা বাতিল করা হলো না, তবে তা সংশোধন করা হলো। তালিকাভুক্ত এক হাজার ১৫৩ জনের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ পাঁচজন আসামিপক্ষে সাক্ষ্য দিতে পারবেন। ১৭ জুন থেকে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর মধ্যে পাঁচ সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে জমা দিতে হবে।এ সময় ফখরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপক্ষে ৪১ জন সাক্ষ্য দিয়েছেন, আমাদের কমপক্ষে ৪১ জনের দ্বিগুণ সাক্ষী হাজির করতে দিন।’ ট্রাইব্যুনাল বলেন, সব দিক বিবেচনা করে পাঁচজন নির্ধারণ করা হয়েছে। মামলার অভিযোগ প্রমাণের দায়িত্ব রাষ্ট্রপক্ষের। মামলা মিথ্যা প্রমাণের দায়িত্ব আসামিপক্ষের নয়। আসামিপক্ষের অ্যালিবাই দেওয়া বা বক্তব্য উপস্থাপনের জন্য পাঁচজনই যথেষ্ট।গত বছরের ১৭ মে সাকা চৌধুরীর পক্ষে এক হাজার ১৫৩ জন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বদরুদ্দীন উমর, সিরাজুল আলম খান, ইত্তেফাক পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অলি আহমদ প্রমুখ।জানতে চাইলে গতকাল সন্ধ্যায় ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেই। বাকি চারজন সাক্ষী কারা, তা এখনো ঠিক হয়নি।