জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী দেবব্রত
সাকা চৌধুরীর পৈতৃক বাড়িতে বাবা জ্যাঠাকে ধরে নিয়ে যাওয়া হয়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী দেবব্রত সরকার। তিনি জবানবন্দিতে বলেছেন, মুক্তিযুদ্ধকালে তাঁর বাবা অরবিন্দ সরকার ও জ্যাঠা মতিলাল চৌধুরীকে সাকা চৌধুরীর পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তাঁরা নিখোঁজ।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দেবব্রতের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। পরে তাঁকে জেরা শুরু করেন সাকা চৌধুরী ও তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই।জবানবন্দিতে দেবব্রত সরকার (৫২) বলেন, তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান থানার আঁধারমানিক গ্রামে। মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁদের পরিবার চট্টগ্রাম শহরের বাড়ি ছেড়ে গ্রামে চলে যায়। একাত্তরের ৪ বা ৫ এপ্রিল তাঁর বাবা, অরুণ বিকাশ চৌধুরী, যোগেশ চন্দ্র চৌধুরী, শান্তি কুসুম চৌধুরী, পরিতোষ দাস প্রমুখ মতিলাল চৌধুরীকে আনতে শহরের খাতুনগঞ্জের বাড়িতে যান। সেদিন তাঁরা কেউ গ্রামে ফেরেননি। পরদিন দুপুরে মতিলালের পাচক সুনীলকে রক্তাক্ত অবস্থায় গ্রামে আনা হয়। সুনীল তাঁদের বলেন, রাত নয়টার দিকে খাওয়া শেষ করে তাঁর বাবা-জ্যাঠারা গল্প করছিলেন। এ সময় প্রতিবেশী আবদুস সোবহান সেখানে গিয়ে ‘কী করছেন, কোনো ষড়যন্ত্র করছেন নাকি’ বলে চলে যান। ১৫-২০ মিনিট পর সেনাবাহিনীর একটি জিপ সেখানে গিয়ে তাঁর বাবা-জ্যাঠা ও সুনীলসহ সাতজনকে গাড়িতে তুলে ফজলুল কাদের চৌধুরীর (সাকা চৌধুরীর বাবা) পাহাড়ের বাড়িতে (গুডস হিল) নিয়ে যায়। তবে পাহাড়ে ওঠানোর আগে সুনীলকে ছেড়ে দেওয়া হলে তিনি খাতুনগঞ্জে চলে যান। সেখানে সুনীলকে দেখে সোবহান তাঁকে কিরিচ দিয়ে কোপান। পরে খাতুনগঞ্জের কয়েকজন লোক তাঁকে উদ্ধার করে গ্রামে পাঠান।দেবব্রত বলেন, পরদিন রাত ১১টা-সাড়ে ১১টার দিকে গনি মিয়ার হাট থেকে দুজন লোক তাঁদের বাড়িতে গিয়ে জানান, ফজলুল কাদের চৌধুরীর ছেলে সাকা চৌধুরী তাঁদের বাড়িতে হামলার পরিকল্পনা করেছেন। এটি শুনে তাঁদের পরিবারের অন্য সদস্যরা পাশের বাড়িতে আশ্রয় নেন। পরে তাঁরা ভারতে চলে যান। ১৯৭২ সালের জানুয়ারির মাঝামাঝি তাঁরা দেশে ফিরে দেখেন, শহরের দেওয়ানজি পুকুরপাড়ে তাঁদের বাড়ি ও গ্রামের বাড়ি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। বাবা-জ্যাঠাদের খোঁজ করে পাননি। অনেকে বলেন, তাঁদের হত্যা করে কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়েছে। আবার অনেকে বলেন, তাঁদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে।জবানবন্দি শেষে সাক্ষীকে একটি করে প্রশ্ন করেন সাকা চৌধুরী ও তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই। সালমা হাই সময়ের আরজি জানালে জেরার পরবর্তী দিন ৬ ফেব্রুয়ারি ধার্য করা হয়।