সাকা চৌধুরীর প্রাণভিক্ষা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রাণভিক্ষার আবেদন নিয়ে তাঁর স্ত্রী ও গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাণভিক্ষা চাইবেন না। তাঁর পরিবারের পক্ষ থেকেও প্রাণভিক্ষা চাওয়া হবে না। সালাউদ্দিন কাদের চৌধুরীর ইচ্ছানুযায়ী, এ বিচার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণ রাষ্ট্রপতির কাছে তাঁর পরিবার তুলে ধরবেন। এ ব্যাপারে আজ বিকেলেই রাষ্ট্রপতির কাছে একটি আবেদন (পিটিশন) দেওয়া হবে।
আজ শনিবার দুপুরে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তবে, গয়েশ্বরের ওই বক্তব্যের পরই সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে তাঁর আইনজীবীদের দেখা করতে না দেওয়া পর্যন্ত বলতে পারছেন না, সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাণভিক্ষা চাইবেন কি না। প্রাণভিক্ষা নিয়ে সিদ্ধান্ত হয়নি। আইনজীবীদের দেখা করার পরই বিষয়টি জানা যাবে।
তিনি অভিযোগ করেন, সকালে আইনজীবীরা কারাগারে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
এ সময় তাঁর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, তাঁদের আইনজীবীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। দুজন ম্যাজিস্ট্রেটকে কারাগারের ভেতরে পাঠানো হয়েছে। এ দুজন ম্যাজিস্ট্রেট তাঁদের সঠিক তথ্য দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।