সাকা চৌধুরীর ফাঁসি বহাল চেয়েছে রাষ্ট্রপক্ষ
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল মামলায় যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। তারা সাকা চৌধুরীর সর্বোচ্চ সাজা বহাল রাখার আরজি জানিয়েছে। আগামী রোববার থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করবে।
আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল মঙ্গলবার ছিল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের প্রথম দিন।
আজকের শুনানিতে মাহবুবে আলম বলেন, ট্রাইব্যুনালে সাকা চৌধুরী চারটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন। আরও তিনটি অভিযোগে তাঁকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হলেও সেগুলো মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ।
শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান। আগামী রোববার থেকে যুক্তি উপস্থাপন শুরু করবে আসামিপক্ষ।
২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর বণিকপাড়া ও উনসত্তরপাড়ায় গণহত্যা, আওয়ামী লীগ নেতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণ ও হত্যার দায়ে সাকা চৌধুরীকে ফাঁসির আদেশ দেওয়া হয়।
সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২৩টি অভিযোগ আনে, এর মধ্যে নয়টি প্রমাণিত হয়। চারটি অভিযোগে (৩,৫, ৬,৮) ফাঁসির আদেশ ছাড়াও রাউজানের মধ্য গহিরা হিন্দু পাড়া ও জগৎমল্লপাড়ায় গণহত্যা এবং রাউজানের সতীশ চন্দ্র পালিতকে হত্যার তিনটি অভিযোগে (২,৪, ৭) তাঁকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। নিজামুদ্দিন আহমেদসহ তিনজনকে আটকে রেখে নির্যাতন ও মো. সালেহউদ্দিনকে নির্যাতনের দায়ে দুটি অভিযোগে (১৭ ও ১৮) তাঁকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ২০১৩ সালের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী। চারটি অভিযোগে মৃত্যুদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ আপিল করেনি।