সাকা চৌধুরীর ফাঁসি বহাল রাখার আরজি রাষ্ট্রপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সর্বোচ্চ সাজা বহাল রাখার আরজি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাকা চৌধুরীর আপিলের ওপর যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে গতকাল বুধবার রাষ্ট্রপক্ষ এ আরজি জানায়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ৫ জুলাই (রোববার) থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে।
যুক্তি উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, একাত্তরের ১৪ ও ১৭ জুন এবং ৫ জুলাই সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে পাকিস্তানি সেনারা সকাল থেকে রাত পর্যন্ত চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়। তাঁর আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তু ছিল সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। তাঁর উদ্দেশ্য ছিল হিন্দুদের দেশছাড়া করা।
শুনানি শেষে সাংবাদিকদের মাহবুবে আলম বলেন, ‘ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদেরকে চারটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন, আরও তিনটি অভিযোগে তাঁকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। আমরা মনে করি, ওই তিন অভিযোগেও তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। যদিও চারটি অভিযোগে সর্বোচ্চ সাজা হওয়ায় বাকিগুলোতে আমরা আপিল করিনি।’
শুনানিতে অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধকালে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর বণিকপাড়া ও উনসত্তরপাড়ায় গণহত্যা, আওয়ামী লীগের নেতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণ ও হত্যার দায়ে সাকা চৌধুরীকে ফাঁসির আদেশ দেওয়া হয়।
সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২৩টি অভিযোগ আনে। এর মধ্যে নয়টি প্রমাণিত হয়। চারটি অভিযোগে (৩, ৫, ৬, ৮) মৃত্যুদণ্ড ছাড়াও রাউজানের মধ্য গহিরা হিন্দুপাড়া ও জগৎমল্লপাড়ায় গণহত্যা এবং রাউজানের সতীশ চন্দ্র পালিতকে হত্যার তিনটি অভিযোগে (২, ৪, ৭) তাঁকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। নিজামুদ্দিন আহমেদসহ তিনজনকে আটকে রেখে নির্যাতন ও মো. সালেহউদ্দিনকে নির্যাতনের দুটি অভিযোগে (১৭ ও ১৮) তাঁকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে ২০১৩ সালের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী। চারটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ আপিল করেনি।