সাকা চৌধুরীর বাসভবনে ইফতার মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগর এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাসভবনে আজ শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি। আওয়ামী লীগের স্থানীয় নেতারা ওই ভবনের ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছেন।

 উপজেলা বিএনপির সভাপতি ইউনুচ তালুকদার বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের জিঘাংসা থেকে রক্ষা পাওয়ার জন্য তাঁরা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবনে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। কিন্তু এ কর্মসূচি বানচালের জন্য ওই দলের নেতারা বাসভবনের ফটকে মানববন্ধন দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, ‘ইফতার মাহফিল বানচাল করার জন্য মানববন্ধনের আয়োজন করিনি। মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও রায় কার্যকর করার জন্য এ কর্মসূচির আয়োজন করেছি।’

থানার ওসি এম মনজুর মোর্শেদ বলেন, যাঁরা যেখানে ইফতার মাহফিল ও মানববন্ধনের কর্মসূচি দিয়েছেন, তাঁরা সেখানে যদি শান্তিপূর্ণ অবস্থান করেন, তাহলে শান্তিভঙ্গের কোনো কারণ নেই। শান্তি ভঙ্গ হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।