সাকা চৌধুরীর বাড়িতে পুলিশের নিষ্ফল অভিযান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ঢাকার বাসভবনে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালায়। সাকা চৌধুরীকে না পেয়ে প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ওই বাসা থেকে বেরিয়ে আসে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাকা চৌধুরীকে গ্রেপ্তার বা আটক রাখার নির্দেশনা চেয়ে আজ বুধবার ট্রাইব্যুনালে আবেদন করা হতে পারে। তদন্ত সংস্থার প্রধান মো. আবদুর রহিম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা প্রায় ১৫ দিন আগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংক্রান্ত প্রতিবেদন আইনজীবী প্যানেলের কাছে জমা দিয়েছেন।পুলিশের একটি সূত্র জানায়, সন্ধ্যায় পুলিশের একটি দল সাকার বাড়ি ঘেরাও করে। সাদা পোশাকের পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে। সাকা চৌধুরীকে না পেয়ে পুলিশ দেড় ঘণ্টা পর বাড়ি থেকে বের হয়ে আসে। অবশ্য পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান দাবি করেন, ধানমন্ডি থানার একটি হত্যা মামলার আসামি ওই বাড়িতে ঢুকেছিল। এ খবরের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। কিন্তু কাউকে পাওয়া যায়নি।সাকা চৌধুরীর বক্তব্য জানতে চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।