সাকা চৌধুরীর বিদেশে যাওয়ার অনুমতির মেয়াদ বৃদ্ধি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে বিদেশে যেতে অনুমতির মেয়াদ বৃদ্ধির হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ আদেশ দেন। এ সময়ের মধ্যে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি-জেনারেল মাহ্বুবে আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি-জেনারেল একরামুল হক ও খন্দকার দিলিরুজ্জামান। সাকা চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। শাহ মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, বিদেশে যাওয়ার অনুমতির মেয়াদ বৃদ্ধির হাইকোর্টের আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ফলে তিনি বিদেশে যেতে পারছেন না।গত ২৪ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সালাউদ্দিন কাদের চৌধুরীকে দুই মাসের জন্য বিদেশে যেতে ও ফিরে আসতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দেন। গত ১৮ জানুয়ারি বিদেশে যাওয়ার অনুমতির মেয়াদ তিন মাস বাড়ান হাইকোর্ট। আদালত সূত্র জানায়, গতকাল শুনানিতে সাকা চৌধুরীর আইনজীবী বলেন, তাঁর বিদেশে যাওয়ার সম্ভাবনা নেই। তিনি সংসদ ও আদালতসহ বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তিনি বিদেশে চলে যেতে পারেন, এ যুক্তি যথার্থ নয়। এ ছাড়া গত বছর হাইকোর্ট বিদেশে যাওয়ার অনুমতি দেন। এত পরে এ নিয়ে আবেদন যুক্তিসংগত নয়। এদিকে তাঁর বিরুদ্ধে মানিলন্ডারিং ও ওয়ার ক্রাইমস-সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করে সরকারপক্ষ তাঁর বিদেশে যাওয়ার অনুমতির মেয়াদ বৃদ্ধি স্থগিতের আরজি জানায়। শুনানি শেষে দুপুরে আদালত আদেশ দেন।