১৫ আগস্ট সম্পর্কে কটূক্তি করার অভিযোগে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে করা রাষ্ট্রদ্রোহ মামলাটি অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি আদেশ গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছেছে। গত বছরের ৩ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলার আবু তাহের উদ্দিন চট্টগ্রামের আদালতে মামলাটি করেছিলেন।এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে টেলিফোনে বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে জনৈক ব্যক্তির করা মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে অনুমোদনের একটি ফ্যাক্সবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেয়েছি। এই মামলার বর্তমান অবস্থা সম্পর্কে আমরা একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’রাষ্ট্রদ্রোহ মামলার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয় বলে জানা গেছে।প্রসঙ্গত, দণ্ডবিধির ১২৪(ক)/৫০৫ ধারায় আবু তাহের উদ্দিন আদালতে মামলাটি করেন। এ মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরী বর্তমানে জামিনে আছেন। মামলাটির ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে।মামলার আরজিতে বলা হয়, ২০০৯ সালের ২০ নভেম্বর বিকেলে ফটিকছড়ির বিবিরহাট কমিউনিটি সেন্টারে স্থানীয় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘১৫ আগস্ট জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। ১৫ আগস্ট না হলে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেত না। একদলীয় শাসনব্যবস্থার অবসান হতো না।’ তিনি আরও বলেন, ‘প্রয়োজনে ১৫ আগস্ট থেকে শিক্ষা নিতে হবে। মুজিব হত্যার রায় জাতি মেনে নেয়নি।’বাদী অভিযোগে উল্লেখ করেন, সাকা চৌধুরীর এই বক্তব্য বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎসাহিত করেছে। তিনি স্বাধীন দেশের আইন-আদালত, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ করেছেন।