সাকা চৌধুরীর বিরুদ্ধে চার মামলা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা চারটি মানহানির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মামলাগুলো কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানাতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত।পৃথক পাঁচটি মানহানির মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাকা চৌধুরীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে টাঙ্গাইলে সাকা চৌধুরীর বিরুদ্ধে করা মামলাটির ক্ষেত্রে আদালত স্থগিতাদেশ দেননি।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাকা চৌধুরীর পক্ষে আইনজীবী শাহ মঞ্জুরুল হক শুনানি করেন। সাকার আইনজীবী বলেন, একই ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৬৭ ও সংবিধান অনুযায়ী একই ঘটনায় একাধিক মামলা হতে পারে না। অ্যাটর্নি জেনারেল বলেন, রিট ছাড়া অন্য ফোরামে যাওয়ার সুযোগ রয়েছে। রিট যৌক্তিক নয়। উভয় পক্ষের শুনানির পর আদালত আদেশ দেন।আদেশ প্রসঙ্গে শাহ মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, চার মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। মামলাগুলো কেন অবৈধ নয়, তা চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব ও সংশ্লিষ্ট আদালতের ম্যাজিস্ট্রেটদের জানাতে রুল জারি করা হয়েছে।