সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী চট্টগ্রামে অপরাধের তদন্ত চলছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল চট্টগ্রামে কাজ করছে। দলের সদস্যরা রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয়, জগতমল্লপাড়াসহ সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শন করে ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহ করছেন।তদন্ত দলের সদস্যরা কঠোর গোপনীয়তায় মধ্যে গতকাল রোববার তৃতীয় দিনের মতো কাজ করেন। তাঁরা নগরের সার্কিট হাউসে সাকা চৌধুরীর অপরাধ কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী বিভিন্ন ব্যক্তি ও ভুক্তভোগীর সাক্ষ্য নেন। তবে কতজনের সাক্ষ্য নেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন তদন্ত দলের সদস্যরা। গত শুক্রবার থেকে তাঁরা রাউজানসহ সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শনে যান।একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্ত দলের প্রধান আইজিপি সমমর্যাদার পুলিশ কর্মকর্তা আবদুল হান্নান খানের নেতৃত্বে চারজন তদন্ত কর্মকর্তা এবং ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত শুক্রবার চট্টগ্রামে আসেন। তদন্ত দলের অন্য তিন সদস্য হলেন আইজিপি সমমর্যাদার সানাউল হক, সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল ইসলাম ও পরিদর্শক মো. ওবায়দুল্লাহ। তবে তদন্ত দলের দুই সদস্য আবদুল হান্নান ও সানাউল হক শনিবার রাতে ঢাকায় ফিরে গেছেন। সাকা চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে দায়ের করা মামলার মূল তদন্ত কর্মকর্তা এএসপি নুরুল ইসলাম তদন্তের বিষয়টি স্বীকার করেন বলেন, ‘একাত্তরে চট্টগ্রামে সংগঠিত বিভিন্ন বিষয় তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিচ্ছি। আমরা রাউজানসহ সংশ্লিষ্ট স্থানে যাচ্ছি। ১৩ এপ্রিল পর্যন্ত তদন্ত চলবে।’সাকা চৌধুরীর চট্টগ্রামের বাসভবন গুডসহিলে যাওয়া হয়েছে বা যাবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট স্থানগুলোতে যাব। এর বেশি কিছু বলা যাবে না।’ একাত্তরে গুডসহিল নির্যাতন কেন্দ্র ছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে সাকা চৌধুরীর বিরুদ্ধে সংগঠিত অপরাধ তদন্তের জন্য যুদ্ধাপরাধ তদন্ত দল দুই দফা চট্টগ্রাম এসেছিল।