সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় প্রফুল্লকে জেরা শেষ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। জেরায় প্রফুল্ল বলেন, তাঁর বাবা নূতন চন্দ্র সিংহের হত্যাকাণ্ড তিনি দেখেননি, এ ঘটনার সব তিনি শুনেছেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার এই জেরা হয়। কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা শহীদ নূতন চন্দ্র সিংহের ছোট ছেলে প্রফুল্লকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক।আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে আহসানুল হক সাক্ষীর কাছে জানতে চান, তাঁর (প্রফুল্ল) দাদা চিত্তরঞ্জন সিংহ ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী শচীন সিংহ একসঙ্গে লেখাপড়া করেছেন কি না বা তাঁরা আত্মীয় কি না? জবাবে প্রফুল্ল ‘না’ সূচক জবাব দেন। সাকা চৌধুরী সাংসদ থাকা অবস্থায় সাক্ষীদের বাড়িতে কোনো অত্যাচার করেছেন কি না, এ প্রশ্নেরও ‘না’ সূচক জবাব দেন সাক্ষী।আসামিপক্ষের আইনজীবী জেরার অধিকাংশ সময়জুড়ে তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষীর দেওয়া জবানবন্দির সঙ্গে ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দির অসংগতি পরীক্ষা করেন। এ সময় তিনি কয়েকটি আইনগত মতামত (সাজেশন) দেন। একটি মতামতে তিনি বলেন, নূতন চন্দ্র হত্যাকাণ্ডের সময় কুণ্ডেশ্বরীতে নূতন চন্দ্র ও দুজন চাষি ছাড়া আর কেউ ছিলেন না। প্রফুল্ল বলেন, এটি সত্য নয়। পরবর্তী মতামতে আইনজীবী বলেন, ওই হত্যাকাণ্ডের আগেই প্রফুল্লর পরিবার, আত্মীয়স্বজন, গৌরাঙ্গ সিংহ, হিমাংশু বৈদ্য, মনোরঞ্জন সিংহ, ব্রজহরি কর্মকার, গোপাল দাস—সবাই ভারতে চলে যান। সাক্ষী এ মতেরও বিরোধিতা করেন।জেরার শেষ পর্যায়ে আহসানুল মত দেন, প্রফুল্ল একটি কুচক্রী মহলের ইন্ধনে এই সাজানো মামলায় অসত্য সাক্ষ্য দিচ্ছেন। প্রফুল্ল আবারও বলেন, এটা সত্য নয়।প্রফুল্লকে জেরা শেষ হলে রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।মুনতাসীর মামুনকে জেরা আজ: একই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনকে আজ মঙ্গলবার জেরা করবে আসামিপক্ষ। গতকাল মুনতাসীর মামুন ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যক্তিগত কারণে সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে আটক গোলাম আযমকে গতকাল ট্রাইব্যুনালে আনা হলেও এজলাসে তোলা হয়নি।সাঈদীর আবেদনের বিষয়ে আদেশ আজ: একই ট্রাইব্যুনাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি আবেদনের বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেছেন। সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় যে ১৫ সাক্ষীর জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে, তাঁদের অবস্থা-সংক্রান্ত তদন্ত কর্মকর্তার প্রতিবেদন চেয়ে আবেদনটি করা হয়। এ আবেদনের পক্ষে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী।পরে এ মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে জেরা করে আসামিপক্ষ।এজলাসে মুঠোফোন বিড়ম্বনা: গতকাল ট্রাইব্যুনাল-১-এ কার্যক্রম চলাকালে রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলির মুঠোফোন বেজে উঠলে ট্রাইব্যুনাল বিরক্তি প্রকাশ করেন। পরে এ জন্য ওই কৌঁসুলি দুঃখ প্রকাশ করেন।গত ৬ জুন ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিলেন, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী, সাক্ষী, পর্যবেক্ষক, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য—কেউ মুঠোফোন নিয়ে এজলাসে ঢুকতে পারবেন না। কার্যক্রম চলাকালে প্রায়ই মুঠোফোন বেজে ওঠার পরিপ্রেক্ষিতে ও নিরাপত্তার স্বার্থে ট্রাইব্যুনাল ওই নির্দেশ দিয়েছিলেন। দর্শনার্থীদের মুঠোফোন সংরক্ষণের জন্য ট্রাইব্যুনালে একটি স্থানও নির্দিষ্ট রয়েছে। এর পরও অনেকে মুঠোফোন নিয়ে এজলাসে ঢুকছেন।