সাকা চৌধুরীর বিরুদ্ধে মুদ্রা পাচারের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সাকা চৌধুরীর বিরুদ্ধে আড়াই লাখ মার্কিন ডলার ও এক লাখ হংকং ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে। এ টাকা দিয়ে তিনি লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে বেআইনিভাবে বেক্সিমকো ফার্মার শেয়ার কেনেন।গতকাল বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়েছে, সাকা চৌধুরী ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর হংকং থেকে যুক্তরাজ্যে আড়াই লাখ মার্কিন ডলার ও এক লাখ হংকং ডলার পাঠালেও দুদকের কাছে দেওয়া সম্পদ বিবরণীতে এ তথ্য গোপন করেছেন। এ টাকা দিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে বেক্সিমকো ফার্মার শেয়ার কিনেছেন তিনি।তৌফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, সিঙ্গাপুরের কুইন্টিনা হোল্ডিং নামে একটি কোম্পানির মাধ্যমে এ শেয়ার কেনা হয়েছে। আইন অনুযায়ী কোনো বাংলাদেশি এ শেয়ার কিনতে পারেন না। কিন্তু সাকা চৌধুরী প্রথমে সিঙ্গাপুরে টাকা পাঠান। সেখান থেকে আবার টাকা যায় হংকংয়ে। সেখানকার স্টিফেন অ্যান্ড অং নামে একটি ব্রোকারেজ হাউসের মাধ্যমে তিনি ওই শেয়ার কেনেন।তৌফিকুল ইসলাম জানান, এক মাস ধরে তিনি অভিযোগের তদন্ত করেছেন। গতকাল তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়ার পর কমিশন মামলা করার অনুমতি দেয়।