সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে জবানবন্দি দিলেন আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার রাষ্ট্রপক্ষে আরও দুজন জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন রাষ্ট্রপক্ষের ২৯তম সাক্ষী সুবল ও ৩০তম সাক্ষী মো. নাজিমুদ্দিন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সাক্ষীদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।সুবল (৫১) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান থানার মধ্য গহিরা গ্রামে। একাত্তরে তাঁর বয়স ছিল নয় বছর। মুক্তিযুদ্ধ শুরু হলে বাড়িতে থাকা অনিরাপদ হওয়ায় তাঁরা বাবার সঙ্গে আশ্রয়ের জন্য বিনাজুড়ি যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর তাঁরা গোলাগুলির শব্দ শোনেন। বাবা ধারণা করেন, তাঁদের বাড়ির দিকে গোলাগুলি হচ্ছে। তাঁরা তখন ঝোপের আড়ালে ঘণ্টা খানেক লুকিয়ে থাকেন। পরে কী হয়েছে দেখতে তাঁরা বাবার সঙ্গে বাড়িতে গিয়ে দেখেন, উঠানে চারজনের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে, দুজন আহত অবস্থায় কাতরাচ্ছেন। নিহত চারজনের নাম পঞ্চবালা, সুনীল, দুলাল ও জ্যোতিলাল। আহত দুজন হলেন জয়ন্ত ও মাখন লাল। লাশ দেখে তাঁরা বাড়ি থেকে চলে যান। গত বছরের ৯ জুলাই রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী নির্মল কুমার শর্মা জবানবন্দিতে বলেছিলেন, একাত্তরের ১৩ এপ্রিল সাকা চৌধুরীর উপস্থিতিতে পাকিস্তানি সেনাদের গুলিতে তাঁর মা পঞ্চবালা শর্মা, ভাগনে দুলাল শর্মা, ছোট ভাই সুনীল শর্মা ও বড় কাকা জ্যোতিলাল শর্মা মারা যান। তাঁর বাবা জয়ন্ত কুমার শর্মা ও ছোট কাকা ডা. মাখনলাল শর্মা গুরুতর আহত হন, পরে মাখন মারা যান।জবানবন্দি শেষে সুবলকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। এরপর জবানবন্দি দেন নাজিমুদ্দিন (৫৭)। তিনি বলেন, তাঁদের বাড়ি হাটহাজারীতে। একাত্তরের ২০ মে তাঁরা খবর পান, তাঁর ফুফা হানিফকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গেছে। পরদিন তাঁর নানা আবদুল কুদ্দুস, চাচা আবদুল করিম ফুফু নূর বেগমকে আনতে ফুফার বাড়ি যান। সেখানে গিয়ে শোনেন, রাজাকার ও পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে ফয়েজ আহম্মদ ও মুন্সি মিয়া ফুফাকে ধরে নিয়ে গেছে। রাজাকার ও পাকিস্তানি সেনাদের গাড়িতে সাকা চৌধুরীও ছিলেন। ফুফার বাবা সোনা মিয়া সওদাগর ছেলেকে উদ্ধার করতে আন্ধারমানিক গ্রামের জনৈক নাজমা বেগমকে ‘গুডস হিলে’ (সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি) পাঠান। ওই নারী গুডস হিলে ফুফাকে অত্যাচারিত হতে দেখেছেন। ফুফা আর ফেরেননি।জবানবন্দি শেষে নাজিমুদ্দিনকে একটি প্রশ্ন করেন আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।