সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা চলছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী এস এম মাহবুব-উল-আলমকে গতকাল বুধবার আসামিপক্ষ জেরা শুরু করেছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক।আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে তাঁর আইনজীবী রাষ্ট্রপক্ষের সাক্ষীকে বিভিন্ন ব্যক্তি ও এলাকা সম্পর্কে প্রশ্ন করেন। চিকিৎসক ছমিউদ্দিন ও তাঁর ছেলে আজিজ উদ্দিনকে সাক্ষী কি চিনতেন—এই প্রশ্নের জবাবে মাহবুব বলেন, না। সাক্ষীর ‘হিটলিস্টে’ নাম থাকা ফজলুল কাদের চৌধুরী, শরাফত উল্লাহ, দিদার মিয়ার বিরুদ্ধে কোনো অভিযান হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘তাঁদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইনি।’ যে গাড়িতে গুলি চালানো হয়, তা কোন কোম্পানির এবং নম্বর কত—এই প্রশ্নে সাক্ষী বলেন, মনে নেই। ওই গাড়িতে কতজন যাত্রী ছিল—এর জবাবে তিনি বলেন, তা লক্ষ্য করা হয়নি, শুধু চার্জ করা হয়েছে। পরের দুটি প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়িটি গুলিতে ঝাঁঝরা হয়ে বসে গিয়েছিল। গাড়িতে গ্রেনেডও ছোড়া হয়েছিল।মাহবুবকে আজ বৃহস্পতিবার আবার জেরা করবে আসামিপক্ষ। গত ২৮ আগস্ট তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ২০ সেপ্টেম্বর তিনি সাকা চৌধুরীকে হত্যার জন্য একটি অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা: এদিকে, বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী আমির হোসেন মোল্লাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। কাদের মোল্লা এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। ১০ সেপ্টেম্বর জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।