বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আগামী ৭ মার্চ অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার শুনানির পর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া এই আদেশ দেন। একই আদেশে উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল না করে ৫০ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন আদালত।সাকা চৌধুরীর বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটের সলিমপুর পাকা রাস্তার মাথায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতা সৃষ্টিতে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় তিনিসহ মোট নয়জনকে আসামি করে সীতাকুণ্ড থানার পুলিশ গত বছরের ১২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।অন্য আট আসামি হলেন মোহাম্মদ হোসেন, কাজী সালাহউদ্দিন, মনজু, মোরসালিন, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ ইদ্রিস। তাঁরা সবাই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এই মামলার প্রথম আসামি মোহাম্মদ হোসেন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।আদালত সূত্র জানায়, গতকাল সোমবার থেকে এই মামলার বিচারের প্রক্রিয়া শুরু হয়। নয়জন আসামির বিরুদ্ধে সমন জারির কারণে সাকা চৌধুরীসহ সবাইকে গতকাল আদালতে হাজির করা হয়।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সাকা চৌধুরীর পরিকল্পনায় ও নির্দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরের পাকা রাস্তার মাথায় নাশকতার উদ্দেশ্যে ২০১০ সালের ৭ নভেম্বর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে ১ নম্বর আসামি মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে আটক হন। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে সাকার পরিকল্পনা ও নির্দেশে ঘটনা ঘটে বলে উল্লেখ আছে।পিপি হাশেম আরও জানান, নাশকতার উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে বলে মামলাটি বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে। আগামী ৭ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে বলে আমি আশাবাদী। একই সঙ্গে মামলায় আরও পাঁচজনকে বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বাদ পড়া আসামিদের অন্তর্ভুক্ত করতে আমি আদালতের কাছে আবেদন জানাব।স্বভাবসুলভ সেই আচরণ: গতকাল শুনানির পর এজলাসকক্ষ থেকে বের করে নেওয়ার সময় সাকা চৌধুরী একজন আইনজীবীকে দেখে বলেন, ‘ওই লোকটি কে, যে আমার বিরুদ্ধে কথা বলেছে? আমি নাকি তিন কোটি টাকা খরচ করেছি?’ এ সময় ওই আইনজীবীর উদ্দেশে তিনি অশ্লীল মন্তব্য ছুড়ে দেন।