সাকা চৌধুরীর মরদেহ রাউজানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মরদেহ চট্টগ্রামে রাউজানের গহিরায় পৌঁছেছে। তাঁর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আজ রোববার সকাল নয়টার দিকে তাঁর পৈতৃক বাড়িতে পৌঁছায়।

পারিবারিক ও পুলিশ সূত্র জানিয়েছে, বাড়ির সামনের উঠানে তাঁর জানাজা হবে। দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, তাঁর দাফন-কাফনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে ২০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আছে দুই প্লাটুন বিজিবি।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সময়ে আরেক মানবতাবিরোধী অপরাধী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য। মুজাহিদ জামায়াতের সেক্রেটারি জেনারেল। সাকা চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজানে। মুজাহিদের বাড়ি ফরিদপুরে।

এর আগে একই ধরনের সাজা কার্যকর করা হয়েছিল জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানের।

আরও পড়ুন: