সাকা চৌধুরীর মামলার ‘সাক্ষী সুরক্ষা’র ওপর গুরুত্ব আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শুরু হওয়ার আগে ‘সাক্ষী সুরক্ষা’র ওপর জোর দিচ্ছে ট্রাইব্যুনালের তদন্ত দল। গতকাল শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে তদন্ত দলের এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করা হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এই মামলা বাধাগ্রস্ত করার জন্য সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করা হলে তা সহ্য করা হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাকা চৌধুরীর মামলার তদন্তে সন্তোষ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করার প্রত্যাশা ব্যক্ত করে তদন্ত দল। ২৯ এপ্রিল শুনানি শুরু হওয়ার কথা।সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার শুনানি শুরুর আগে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে গত বৃহস্পতিবার তদন্ত দল চট্টগ্রামে আসে। দলের সমন্বয়ক আবদুল হান্নান খান, প্রসিকিউটর রানা দাশগুপ্ত, প্রসিকিউটর জিয়াদ আল মামুন, তদন্ত কর্মকর্তা সানাউল হক, পরিদর্শক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সমন্বয়ক আবদুল হান্নান খান বলেছেন, ‘এই বিচারকাজ ভণ্ডুল করার জন্য নানা ধরনের কাজ হচ্ছে। ৯৭টি পিটিশন দিয়ে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা আনার চেষ্টা চলছে। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে।’ দলের আইজিপি পদমর্যাদার তদন্ত কর্মকর্তা সানাউল হক বলেছেন, ‘সাক্ষীর সুরক্ষা আমাদের দায়িত্ব। তাঁদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, তাঁদের দেখভাল করার জন্য আমরা চট্টগ্রামে এসেছি। সাক্ষীদের ভয়ভীতি দেখালে জিরো টলারেন্স দেখানো হবে।’ তদন্ত দলটি গত দুই দিনে বিভিন্ন স্থান পরিদর্শন ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও রাজনীতিকদের সঙ্গে কথা বলেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, ‘সালাউদ্দিনের মামলার শুনানির জন্য আমরা প্রস্তুত। গত এক বছরে সাঈদীর মামলা পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা মামলার কাজ এগিয়ে নিয়েছি এবং যাচ্ছি। তবে এখন আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। সালাউদ্দিন কাদেরসহ অন্য মামলাগুলো এগিয়ে নিতে আমরা সচেষ্ট।’