সাকা চৌধুরীর মামলায় ‘ক্যামেরা ট্রায়ালে’ রাষ্ট্র পক্ষের সাক্ষীকে জেরা
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী এক নারীকে ‘ক্যামেরা ট্রায়াল’-এ জেরা গতকাল রোববার শেষ করেছে আসামিপক্ষ। রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের ১৭তম ওই সাক্ষীকে জেরা করা শেষ হয়। জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম প্রথম আলোকে বলেন, সাকা চৌধুরীর পক্ষে তাঁর আইনজীবী আহসানুল হক সাক্ষীকে জেরা শেষ করেছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।গতকাল সাকা চৌধুরী আবার তাঁর আইনজীবীদের নিয়োগ দিয়ে ওকালতনামা জমা দিলে ট্রাইব্যুনাল তাঁদের মামলা পরিচালনার অনুমতি দেন। তবে সাকা চৌধুরীর পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সালমা হাই এখনো রয়েছেন। গতকাল ক্যামেরা ট্রায়ালের নিয়ম অনুসারে বিচারক, রাষ্ট্র ও আসামিপক্ষের নির্দিষ্ট সংখ্যক আইনজীবী ও আসামি ছাড়া আর কেউ এজলাসে ছিলেন না।ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য গ্রহণ নিয়ে ট্রাইব্যুনাল ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুমের মধ্যে কিছুক্ষণ বাগিবতণ্ডা হয়। ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলির আচরণ ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। পরে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ এ ঘটনায় ট্রাইব্যুনালের কাছে দুঃখ প্রকাশ করেন।গোলাম আযমের মামলায় ছেলেকে জেরা: এদিকে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের প্রথম সাক্ষী আবদুল্লাহহিল আমান আযমীকে গতকাল রোববারও জেরা করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। সাবেক সেনা কর্মকর্তা আযমী গোলাম আযমের ছেলে। আজ সোমবার রাষ্ট্রপক্ষ তাঁকে আবার জেরা করবে।