
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখার দাবিতে ধারাবাহিক আন্দোলনে নেমেছেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা৷ এর অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৃষ্টির মধ্যেও গণ-অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা৷
কর্মসূচি চলাকালে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় ও প্রতিবাদী গান পরিবেশন করা হয়৷
২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত শাহবাগে এই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ। ২৯ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাকা চৌধুরীর আপিলের রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চট্টগ্রামের সাবেক এই সাংসদকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
গতকাল কর্মসূচি শুরুর সময় থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল৷ বিকেল পৌনে পাঁচটার দিকে কর্মসূচিতে উপস্থিত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷