সাকা চৌধুরীর ম্যানেজার পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে তা ফাঁস করার অভিযোগে করা মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত৷ গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম এ আদেশ দেন৷
গতকাল মাহবুবুল আহসানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শাহজাহান৷ আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় করা মামলায় এজাহারনামীয় আসামি নয়ন গত বছরের ১০ অক্টোবর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলেন, তথ্য ফাঁসে সহযোগিতা না করলে মাহবুবুল আহসান তাঁকে হত্যার হুমকি দেন। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে মাহবুবুলকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন৷ শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷