সাকা চৌধুরীর রায়ের জেরে ফখরুলের জনসভা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি আয়োজিত আজ বুধবারের পূর্বঘোষিত জনসভা স্থগিত করা হয়েছে। ওই জনসভার প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের পর গতকাল রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এ পরিস্থিতিতে মির্জা ফখরুলকে ঢাকায় অবস্থান করতে বলেন দলের চেয়ারপারসন। তাই গতকাল মির্জা ফখরুলের ঠাকুরগাঁও আসার কথা থাকলেও তিনি আসেননি।
তৈমুর রহমান বলেন, গতকাল রাত ১১টার দিকে সদর উপজেলা বিএনপি রুহিয়ার ওই জনসভা স্থগিত করার ঘোষণা দেয়। স্থগিত জনসভার তারিখ পরে নির্ধারণ করা হবে।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের বাড়ি রুহিয়ায়। তাই এই জনসভাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে উপজেলা বিএনপি।