সাকা চৌধুরীর শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা আবেদনের শুনানি এক দিন পিছিয়ে আজ বুধবার নির্ধারণ করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল মঙ্গলবার এই আবেদনের শুনানির দিন নির্ধারিত ছিল। কার্যতালিকায় এটি ছিল ৩ নম্বরে। তবে কার্যতালিকার ২ নম্বরে থাকা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি দুপুর সোয়া ১২টার দিকে শেষ করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। ওই শুনানি শেষ করে তিনি সাকা চৌধুরীর আবেদন শুনানির জন্য সময় চান। এ সময় তিনি বলেন, ‘একটি শুনানি শেষ করেছি। আজকের মতো অন্যটির মুলতবি চাইছি।’ তখন আদালত বলেন, ‘নট টুডে’ (আজ নয়)।
গতকাল রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আপিল বিভাগে প্রধান বিচারপতির বেঞ্চে সাকা চৌধুরীর আবেদনটি আজও কার্যতালিকার ৩ নম্বরে রাখা হয়েছে।
এদিকে চট্টগ্রামের রাউজানে সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সাকা চৌধুরীর ফাঁসির সাজা বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন সাকা চৌধুরী। ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার আদালত পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য ২ নভেম্বর দিন নির্ধারণ করেছিলেন। পরে সাকা চৌধুরীর আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির দিন ১৭ নভেম্বর পুনর্নির্ধারণ করেন আপিল বিভাগ।
এদিকে ট্রাইব্যুনালে ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে ৩ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করেছিলেন সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। তবে গত সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তা কার্যতালিকা থেকে বাদ দেন। আদালতের যুক্তি ছিল, এ বিষয়ে ইতিমধ্যে হাইকোর্টের রায় আছে। এ জন্য ওই আবেদন শুনে আর সময় নষ্ট করতে চান না।
সাক্ষীদের বাড়িতে নিরাপত্তা জোরদার: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, সাকা চৌধুরীর গ্রামের বাড়ি এবং তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অধিকাংশ সাক্ষীর বাড়ি রাউজান উপজেলায়। এ জন্য তাঁর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানির দিন থাকায় রাউজানে ও সাক্ষীদের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশের সূত্র বলেছে, রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহের বাড়ি, সুলতানপুর ও ঊনসত্তরপাড়াসহ বিভিন্ন এলাকায় সাক্ষীদের বাড়িতে সোমবার রাত থেকে পুলিশের পাহারা বসানো হয়েছে। পুলিশের টহলও রয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিয়মিত ৫০ সদস্যের সঙ্গে আরও ১০০ পুলিশ সদস্য যোগ হয়েছেন। সোমবার রাত থেকে বিভিন্ন সাক্ষীর বাড়িতে পাহারা ও টহল জোরদার করা হয়েছে।’