সাকা চৌধুরীর সমর্থকদের পাল্টা কমিটি গঠনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপিতে সাকা চৌধুরী ও মোর্শেদ খানের সমর্থকদের মধ্যে কোন্দল নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। সাকা চৌধুরীর সমর্থকেরা উপজেলা বিএনপির পাল্টা কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভা করে এ ঘোষণা দেয় তারা।ইতিপূর্বে মোর্শেদ খানের সমর্থকেরা সম্মেলন করে উপজেলা বিএনপির কমিটি করেছিল। ওই কমিটি জেলা কমিটির অনুমোদনও পেয়েছে। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির জাতীয় কাউন্সিলের আগে দলের পুনর্গঠনকে ঘিরে বোয়ালখালী বিএনপিতে কোন্দল ছিল চরমে। পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি গঠন, ভাঙচুর, সড়ক অবরোধ, সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। গত বছরের ১৭ নভেম্বর দুই পক্ষই পাল্টাপাল্টি সম্মেলনের ডাক দেয়। পরে সংঘাতের আশঙ্কায় উভয়পক্ষই সম্মেলন করা থেকে বিরত থাকে। ২০ নভেম্বর মোর্শেদ খানের অনুুসারীরা করলডেঙ্গায় একটি বিদ্যালয় মাঠে সম্মেলন করে উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করে। কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ খান। ২১ নভেম্বর ওই কমিটি জেলা বিএনপির অনুমোদন পায়।মোর্শেদ খানের সমর্থকেরা কমিটি গঠনের পর সাকা চৌধুরীর সমর্থকেরা হতাশ হয়ে পড়ে। গত বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভা করে তারা পাল্টা কমিটি করার ঘোষণা দিয়েছে। স্থানীয় বিএনপির নেতা আজিজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মজিবুদ্দৌলা মজু, শওকত আলম, আহমদ নবী, হারুন মিয়া, নুরুল করিম নুরু, সুলতান মাহমুদ, আবুল হাসেম, ইসহাক চৌধুরী, স্বপন শীল প্রমুখ।আজিজুল হক জানান, ১৫ দিনের মধ্যে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষ করে উপজেলা সম্মেলনের আয়োজন করা হবে। তিনি বলেন, চলতি মাসের মধ্যেই সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করা হবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ খান বলেন, গঠনতন্ত্র ছাড়া তো দল কারও মর্জিতে চলে না। কেউ যদি দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করে এ বিষয়ে জেলা কমিটি ও কেন্দ্রই ব্যবস্থা নেবে।